Indranil Sen
গ্রেফতার ইন্দ্রনীল সেন

ইডি দফতর থেকে বেরোতেই গ্রেফতার ইন্দ্রনীল সেন! লালবাজারে নিয়ে গেলেন গোয়েন্দারা

Bengal Liberty : বুধবার দুপুরে সিজিও কমপ্লেক্সে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হাজিরা দিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী তথা গায়ক-অভিনেতা ইন্দ্রনীল সেন। সেখান থেকে বেরিয়ে আসতেই তাঁকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সিজিও কমপ্লেক্স থেকে তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। ইডির দফতরের বাইরে আগে থেকেই অপেক্ষায় ছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের পাশাপাশি বিধাননগর কমিশনারেটের আধিকারিকেরা।

দুর্গাপুজোর টিকিট বিক্রির নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে তদন্ত চলছে। তাঁর সংস্থা ‘মাস আর্ট’-এর মাধ্যমে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছিল ইডি। সেই সূত্র ধরেই কলকাতায় তাঁর একাধিক ঠিকানায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদও করেছে ইডি।

এই মামলায় আগাম জামিনের আবেদন নিয়ে প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইন্দ্রনীল সেন। কিন্তু হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে তাঁর আবেদন খারিজ হয়ে যায়। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। তবে মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলাটির শুনানির সময় এক বিচারপতি সরে দাঁড়ানোয় বিষয়টির নিষ্পত্তি হয়নি। ফলে তাঁর গ্রেফতারির পথে কোনও আইনি বাধা ছিল না বলে জানা গিয়েছে।

এরপর বুধবার ফের ইডির সমন পেয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন ইন্দ্রনীল সেন। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জিজ্ঞাসাবাদ শেষে দফতর থেকে বেরিয়ে আসার পরই তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।