Indranil Sen
Indranil Sen

সুপ্রিম কোর্টে ঝুলে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের মামলা! সরে দাঁড়ালেন বিচারপতি দীপঙ্কর দত্ত

Bengal Liberty : সুপ্রিম কোর্টে গায়ক তথা তৃণমূল নেতা ইন্দ্রনীল সেনের আগাম জামিনের মামলায় নতুন জটিলতা। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। ফলে মঙ্গলবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি হল না। নিয়ম অনুযায়ী, মামলাটি ফের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে যাবে। সেখান থেকে পরবর্তী সময়ে অন্য কোনও বেঞ্চে শুনানির জন্য পাঠানো হবে।

মঙ্গলবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুরের বেঞ্চে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদনটি শুনানির জন্য ওঠে। সেই সময় ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করে মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান বিচারপতি দত্ত। ফলে আপাতত তাঁর আগাম জামিনের আবেদনের শুনানি অনিশ্চিত হয়ে পড়ল। পরবর্তী শুনানির দিন কবে ধার্য হবে, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, দুর্গাপুজোর পাস বিলি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারী সংস্থার অভিযোগ, ২০২১ সালে বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পর সেই পরিচিতিকে কাজে লাগিয়ে প্রি-পুজো ও প্রিভিউ শোয়ের টিকিট বিক্রির নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়। এই কাজে মাসা আর্ট নামে একটি সংস্থাকে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ। তদন্তকারী সংস্থার দাবি, ওই সংস্থার সঙ্গে ইন্দ্রনীল সেন, তাঁর স্ত্রী মধুছন্দা সেন-সহ পরিবারের সদস্যদের যোগ রয়েছে।

এই মামলার তদন্তে ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ তাঁর আত্মীয়দের একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছিল ইডি। তদন্তের স্বার্থে তাঁকে একাধিকবার তলবও করা হয়। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় গায়ক-রাজনীতিককে।

এরপর আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইন্দ্রনীল। কিন্তু তাঁর আবেদন খারিজ করে দেয় আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি। এবার শীর্ষ আদালতে বিচারপতির সরে দাঁড়ানোর জেরে মামলার শুনানি পিছিয়ে গেল। পরবর্তী বেঞ্চে শুনানির দিন ধার্য হলে তবেই স্পষ্ট হবে, আগাম জামিনের আবেদনের ভবিষ্যৎ কোন দিকে এগোয়।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।