Bengal Liberty : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিয়োগ ও তাঁর আমলে হওয়া একাধিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। দ্রুত শুনানির আর্জি জানিয়ে মামলা দায়ের করেছে মমতা তৃণমূল। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। এদিন মমতা তৃণমূলের তরফে এই মামলায় দ্রুত শুনানির আর্জি জানিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী মেনকা গুরুস্বামী। প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন, পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত পুরনো মামলার সঙ্গে এই মামলাকে জুড়ে দিয়ে চলতি সপ্তাহেই একসঙ্গে যৌথ শুনানি করা হবে। মমতা শিবিরের তরফে জ্ঞানেশ কুমারের একাধিক সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন সাংসদ দোলা সেন
মামলায় দুই নির্বাচন কমিশনারকেও যুক্ত করা হয়েছে। এদিন আইনজীবী মেনকা গুরুস্বামী জানান, এই মামলায় নির্বাচন কমিশনের কাজকর্ম, সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি, মুখ্য নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি ও আইন মেনে না চললে তার কী পরিণতি হতে পারে, এই সব বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত আরও একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। এবার সেই মামলাটি সঙ্গে এই মামলাটি জুড়ে দিতে একসঙ্গে শুনানি হবে। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশীকে অন্ধকারে রেখেই একতরফা সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার।
দুই নির্বাচন কমিশনারের একাধিক আপত্তি তিনি উপেক্ষা করেছেন বলে অভিযোগ। এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে পথে নেমেছে বিরোধী ইন্ডিয়া জোট। এই বিরোধী জোটের মধ্যে কংগ্রেসের পাশাপাশি মমতা তৃণমূলও রয়েছে। দুর্গাপুজো শেষ হওয়ার পরেই জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে আন্দোলন আরও তীব্র করার পথে হাঁটছে ইন্ডিয়া জোট। আগামী ১ নভেম্বর রামলীলা ময়দানে সভা হওয়ার কথা রয়েছে। তার মধ্যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা বিরোধী শিবিরকে আরও অক্সিজেন জোগাবে বলে মনে করা হচ্ছে।


