Narendra Modi - Gautam Adani
Narendra Modi - Gautam Adani

মোদি-আদানির ‘বন্ধুত্ব’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক! জল গড়াল কলকাতা হাইকোর্টে

Bengal Liberty : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিল্পপতি গৌতম আদানির সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োকে ঘিরে বিতর্ক এবার কলকাতা হাইকোর্টে। ওই ভিডিয়োতে করা বিভিন্ন দাবি ও মন্তব্যের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে আদানি গোষ্ঠী। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটির প্রচারের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে মামলা করার অনুমতি চাওয়া হয়। বিচারপতি আর্যক দত্তের দৃষ্টি আকর্ষণ করে মামলা করার অনুমতি চাইলে তিনি তাতে সায় দেন। সোমবারই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

আদানি গোষ্ঠীর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গৌতম আদানির মধ্যে ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটিতে প্রধানমন্ত্রী ও আদানির সম্পর্ক, বিভিন্ন ব্যবসায়িক চুক্তি এবং সরকারি নীতি নিয়ে এমন কিছু বক্তব্য রাখা হয়েছে, যা সংস্থার ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করতে পারে বলে দাবি আদানি গোষ্ঠীর।

ভিডিয়োটিতে মোদী ও আদানির সম্পর্কের সঙ্গে আদানি গোষ্ঠীর ব্যবসায়িক সাফল্যের যোগসূত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে জানা গিয়েছে। গুজরাতের মুন্দ্রায় জমি বরাদ্দ, কয়লা নিলামের নিয়ম এবং ওই প্রক্রিয়ায় আদানি গোষ্ঠী কোনও বিশেষ সুবিধা পেয়েছিল কি না, তা নিয়েও অভিযোগ করা হয়েছে।

এ ছাড়াও, ছ’টি বিমানবন্দর এবং মুম্বই বিমানবন্দর অধিগ্রহণের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ভিডিয়োটিতে। বন্দর, বিদ্যুৎ, সিমেন্ট, কৃষিপণ্য, প্রতিরক্ষা ও সংবাদমাধ্যম-সহ বিভিন্ন ক্ষেত্রে আদানি গোষ্ঠীর ব্যবসায়িক উপস্থিতি নিয়েও সমালোচনা করা হয়েছে।

মোদী-আদানির সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলা এই বিতর্কের আবহে এবার আদালতের হস্তক্ষেপ চাইল আদানি গোষ্ঠী। ভিডিয়োটির প্রচারে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হবে কি না, তা স্পষ্ট হবে হাইকোর্টের নির্দেশের পরেই।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।