Bengal Liberty : দিল্লির নর্থ ব্লকে রয়েছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রক সহ বিভিন্ন প্রশাসনিক দফতর। আর সেখানেই সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ইতিমধ্যে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। ঠিক কী কারণে এই আগুন লাগার ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন সকালে রাইসিনা হিলে অবস্থিত নর্থ ব্লকের অফিসের পিছন থেকে আচমকাই কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। দমকলের তরফে জানানো হয়েছে, এদিন সকালে দমকল বিভাগে একটা ফোন আসে।
বলা হয়, নর্থ ব্লকের কোনও একটা অজ্ঞাত স্থান থেকে ধোঁয়া বেরোচ্ছে। সেই কারণে সঙ্গে সঙ্গে দমকলের ছয়টি ইঞ্জিনকে ঘটনাস্থলে পাঠানো হয়। ঠিক কোথা থেকে ও কী কারণে আগুন লাগল, সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এদিন সকালে প্রথম আগুন লাগার বিষয়টি দেখেন মিলিন্দ দেওরা। তাঁরই প্রথম অগ্নিকাণ্ডের বিষয়টি নজরে আসে। সেই ছবিটি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পোস্টে তিনি আগুন লাগার বিষয়টি জানান ও দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।


