Ritabrata Banerjee
Ritabrata Banerjee

নাম-প্রতীকের লড়াই, বাড়তি সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ঋতব্রত শিবির

Bengal Liberty : দলের নাম এবং প্রতীক কার দখলে থাকবে, তা নিয়ে আইনি লড়াইয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় নথি ও হলফনামা জমা দেওয়ার জন্য অতিরিক্ত দু’সপ্তাহ সময় চেয়ে আবেদন জানিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। আগামী ৯ নভেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্ধারিত চার সপ্তাহের সময়সীমা সোমবার, ২৬ অক্টোবর শেষ হচ্ছে। তার আগেই সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ঋতব্রত শিবির। দলের নাম ও প্রতীকের দাবির সমর্থনে নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় নথি এবং সদস্যদের হলফনামা জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছে তারা।

অতিরিক্ত সময় চাওয়ার কারণ হিসেবে দুর্গাপুজোর ছুটির কথা উল্লেখ করেছে ঋতব্রত শিবির। তাদের বক্তব্য, ১৬ থেকে ২৬ অক্টোবরের মধ্যে সরকারি দফতর বন্ধ থাকায় নথি সংগ্রহ ও প্রস্তুতির কাজে সমস্যা হয়েছে। পাশাপাশি, উৎসবের সময় নোটারি পরিষেবা না মেলায় হলফনামা তৈরি এবং সেগুলি নোটারাইজ করতেও অসুবিধার মুখে পড়তে হয়েছে।

ঋতব্রত শিবিরের দাবি, দলের সদস্যদের কাছ থেকে বিপুল সংখ্যক হলফনামা সংগ্রহ করতে হবে। সেই সমস্ত নথি তৈরি, সদস্যদের স্বাক্ষর সংগ্রহ, নোটারাইজেশন এবং প্রয়োজনীয় কাগজপত্র একত্রিত করতে আরও সময় প্রয়োজন। সেই কারণেই নির্ধারিত সময়সীমা বাড়িয়ে ৯ নভেম্বর পর্যন্ত করার আবেদন জানানো হয়েছে।

এই মামলার শুনানি চলতি সপ্তাহেই সুপ্রিম কোর্টে হতে পারে বলে জানা যাচ্ছে। এখন আদালত অতিরিক্ত সময় দেওয়ার আবেদন মঞ্জুর করে কি না, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের। দলের নাম ও প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের প্রক্রিয়ায় এই আবেদন কতটা প্রভাব ফেলে, তা-ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।