Weather Alert
Weather Alert

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা বাংলায়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধু এই চার জেলাতেই নয়, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। দমকা হাওয়াও বইছে। ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে বৃষ্টির পরিস্থিতি কতটা বদলায়, এখন সেদিকেই নজর আবহাওয়াবিদদের।

দক্ষিণবঙ্গের তুলনায় বুধবার উত্তরবঙ্গের আবহাওয়া অনেকটাই আলাদা থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তরবঙ্গের আটটি জেলাতেই আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। ফলে আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে বড়সড় আবহাওয়াজনিত দুর্যোগের আশঙ্কা তুলনামূলকভাবে কম। অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। পরিস্থিতির পরিবর্তনের দিকে নজর রাখছে আবহাওয়া দফতর।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।