Bengal Liberty : নন্দীগ্রাম ও রেজিনগর-দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ের পর বিধানসভায় শপথ নিলেন বিজেপির দুই নবনির্বাচিত বিধায়ক হাসিরানি রথ ও শাঁখারভ সরকার। বুধবার বিধানসভায় তাঁদের শপথবাক্য পাঠ করান স্পিকার রথীন্দ্রনাথ বসু। এই দুই জয়ের ফলে বিধানসভায় বিজেপির আসনসংখ্যা ২০৭ থেকে বেড়ে দাঁড়াল ২০৯-এ। দুই বিধায়ককে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ফের একবার নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে আসার কারণ ব্যাখ্যা করেন তিনি।
কেন নন্দীগ্রাম ছেড়েছিলেন শুভেন্দু?
নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুর থেকে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছিল। এমনকি, নন্দীগ্রামের একাংশের মানুষের অভিমানের কথাও স্বীকার করেছেন শুভেন্দু। এদিন বিধানসভায় হাসিরানি রথকে অভিনন্দন জানাতে গিয়ে সেই সিদ্ধান্তের ব্যাখ্যা দেন তিনি। তাঁর দাবি, ভবানীপুরে লড়াইয়ের সুযোগ না দিলে আগের নির্বাচনে তাঁর কাছে দু’বার পরাজিত প্রতিপক্ষ ফের ভোটে দাঁড়ানোর সুযোগ পেতেন। সেই সুযোগ আটকাতেই নন্দীগ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
শুভেন্দু বলেন, “নন্দীগ্রামের আসন ছেড়ে আসায় সেখানকার অনেকেই আমার উপর অভিমান করেছিলেন। তাঁদের আমি বুঝিয়ে এসেছি। আজ আবারও বলছি, আমি ভবানীপুর ছাড়লে এর আগে যাঁকে দু’বার হারিয়েছি, তিনি আবার ভোটে দাঁড়ানোর সুযোগ পেয়ে যেতেন। সেই সুযোগ না দেওয়াই ভালো। অনেক বয়স হয়েছে, এই বয়সে বিশ্রাম নেওয়ার কথা। তাই নন্দীগ্রাম ছাড়তে হয়েছিল আমাকে।” নন্দীগ্রামের মানুষের রায়ের উল্লেখ করে তিনি আরও বলেন, “ওই আসনে ১ লক্ষ ২২ হাজার ভোটে হাসিরানি রথকে জিতিয়ে পাঠিয়েছেন নন্দীগ্রামের মানুষ। আমি আমার প্রতিশ্রুতি পূরণ করব হাসিরানি রথের মাধ্যমে।”


