Bengal Liberty: পুরসভা নির্বাচনকে সামনে রেখে একাধিক দাবি জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO), রাজ্য নির্বাচন কমিশনার এবং কলকাতা পুরসভার প্রশাসককে চিঠি দিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। দলের সভাপতি শুভঙ্কর সরকারের পক্ষে পাঠানো এই চিঠিতে দ্রুত হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপের দাবি জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব।
চিঠিতে কংগ্রেসের দাবি, এসআইআর প্রক্রিয়ায় লজিক্যাল ডিসক্রিপেন্সির জেরে কলকাতা পুরসভা এলাকার প্রায় ১ লক্ষ ২০ হাজার এবং হাওড়ার ৩৯ হাজার ভোটার আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। তাঁদের সংক্রান্ত মামলাগুলি ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। তাই দ্রুত শুনানি করে মামলাগুলির নিষ্পত্তির দাবি জানিয়েছে কংগ্রেস।
পাশাপাশি, কলকাতার খসড়া ভোটার তালিকায় বিভিন্ন বরোতে ভোটার সংখ্যার অসামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছে তারা। কংগ্রেসের দাবি, কোনও কোনও বরোতে ভোটার সংখ্যা ১২ হাজারের কম, আবার কোথাও তা ১৮ হাজারের বেশি। এই অসামঞ্জস্যের বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে।
আরও খবর
কংগ্রেসের আবেদনপত্রে আরও উল্লেখ করা হয়েছে, পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে আপত্তির শুনানি এবং তার ফলাফল এখনও জানানো হয়নি। রাজনৈতিক দলগুলির সঙ্গে যথাযথ আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছে তারা।
কংগ্রেসের আরও দাবি, ১ জুলাই ২০২৬-এর ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। ১ অক্টোবরের সংশোধিত ভোটার তালিকা, ওয়ার্ডভিত্তিক জাতিগত জনসংখ্যার পরিসংখ্যান এবং সংরক্ষণ সংক্রান্ত তথ্য প্রকাশ করতে হবে। এ ছাড়াও প্রতিটি জেলা নির্বাচনী দফতরে নোডাল অফিসার নিয়োগ, প্রতিটি MRO-র ই-মেল আইডি চালু এবং অনলাইনে ভোটারদের দাবি ও আপত্তি জানানোর ব্যবস্থা করার আর্জি জানিয়েছে প্রদেশ কংগ্রেস।


