ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারকে চাকরি!
ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারকে চাকরি!

ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারকে চাকরি! ঘরছাড়াদের ফেরাতে বিজ্ঞাপন দেবে রাজ্য

ভোট আসে, ভোট যায়। বদলে যায় শাসক দল, পরিবর্তিত হয় রাজনৈতিক সমীকরণ। কিন্তু ভোটের পর রাজনৈতিক হিংসার যে ছবি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বারবার ফিরে আসে, তার সবচেয়ে বড় শিকার হন সাধারণ মানুষ। কেউ প্রাণ হারান, কেউ আবার প্রাণের ভয়ে নিজের ভিটেমাটি ও পরিবার-পরিজন ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন। বছরের পর বছর ঘরছাড়া অবস্থায় কাটে তাঁদের জীবন। এবার সেই পরিস্থিতি বদলাতেই বিশেষ উদ্যোগের পরিকল্পনা করছে বিজেপি সরকার। রাজনৈতিক সংঘর্ষে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পুনর্বাসন এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে প্রশাসন সূত্রে খবর।

এই কর্মসূচির আওতায় শুধু ২০২১ সালের বিধানসভা নির্বাচন বা ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারই নয়, গত ২৫ বছরে পঞ্চায়েত নির্বাচন-সহ বিভিন্ন নির্বাচনের পর হিংসার বলি হওয়া ব্যক্তিদের পরিবারকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তাঁদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর।

পাশাপাশি, ভোট পরবর্তী হিংসার জেরে যাঁরা বাড়িঘর ছেড়ে অন্যত্র থাকতে বাধ্য হয়েছেন, তাঁদের চিহ্নিত করতে সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ করবে রাজ্য সরকার। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সরকারের কাছে নিজেদের পরিস্থিতি ও প্রয়োজনীয় তথ্য জানাতে পারবে। সেই তথ্যের ভিত্তিতেই তাঁদের ঘরে ফেরানোর ব্যবস্থা করা হবে। নবান্ন সূত্রে খবর, খুব শীঘ্রই এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। নতুন সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে রাজনৈতিক হিংসার কারণে ক্ষতিগ্রস্ত বহু পরিবার ফের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পাবে।

Bengal Liberty