Manoj Kumar Oraon
নমন্ত্রী মনোজ কুমার ওরাঁও

সঙ্কোশ নদীতে টন টন মরা মাছ! বাজারে ছড়িয়েছে বিষাক্ত মাছ, সতর্ক করলেন বনমন্ত্রী

সম্প্রতি প্রতিবেশী দেশ ভুটানে হড়পা বানের জেরে হ্রদ ফেটে বিপর্যয় ঘটে। তার পর থেকেই উত্তরবঙ্গের নদীগুলিকে ঘিরে উদ্বেগ বাড়ছে। অসম-বাংলা সীমান্ত দিয়ে বয়ে যাওয়া সঙ্কোশ নদীতে হঠাৎ বিপুল সংখ্যায় মরা মাছ ভেসে আসতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, শুক্রবার গভীর রাতে আচমকাই নদীর জল কালো হয়ে যায়। এরপর ভুটানের দিক থেকে স্রোতের সঙ্গে ভেসে আসতে থাকে অসংখ্য মরা মাছ। নদীর জলস্তর স্বাভাবিক থাকলেও মাছের এমন অস্বাভাবিক মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়েই শনিবার সকালে সঙ্কোশ নদী সংলগ্ন গ্রামে পৌঁছন রাজ্যের বনমন্ত্রী তথা কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাঁও। নদী সংলগ্ন এলাকা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তিনি। পরিস্থিতি খতিয়ে দেখেন।

বনমন্ত্রী জানান, ভুটানে হড়পা বানের ঘটনার পর উত্তরবঙ্গের একাধিক জেলায় সতর্কতা জারি রয়েছে। সঙ্কোশ-সহ বিভিন্ন নদীর জলস্তরের উপর প্রশাসনের নজরদারি চলছে। তবে জলস্তর স্বাভাবিক থাকা সত্ত্বেও আচমকা নদীর জল কালো হয়ে যাওয়া এবং এত বিপুল সংখ্যায় মাছের মৃত্যু যথেষ্ট উদ্বেগজনক।

সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে মরা মাছ বাজারে ছড়িয়ে পড়ার ঘটনায়। অভিযোগ, নদীতে মাছ ভেসে উঠতেই স্থানীয়দের একাংশ সেগুলি সংগ্রহ করতে শুরু করেন। সেই মাছের কিছু অংশ ইতিমধ্যেই বাজারে বিক্রি হয়ে গিয়েছে বলে আশঙ্কা। বনমন্ত্রী বলেন, ‘আগেই কয়েক টন মাছ বাজারে ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের খাবারের পাতে পৌঁছে গেলে বিপদ হতে পারে, কারণ মাছগুলির মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি। কীটনাশক বা বিষক্রিয়ায় মাছের মৃত্যু হয়ে থাকতে পারে।’

তিনি আরও স্পষ্টভাবে জানিয়েছেন, কোনওভাবেই নদীতে ভেসে আসা মরা মাছ সংগ্রহ, বিক্রি বা খাওয়া উচিত নয়। সাধারণ মানুষকে সতর্ক করে তাঁর পরামর্শ, ‘বাজার থেকে মাছ কেনার সময় দেখেশুনে নিন।’ মাছের মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তবে বিষক্রিয়ার আশঙ্কা ঘিরে উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যেই বাজারে ছড়িয়ে পড়া মাছ কতটা বিপজ্জনক, তা নিয়েও প্রশ্ন উঠছে। তাই পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বনমন্ত্রী।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।