Abhijit Dipke - Mamata Banerjee
মমতার সঙ্গে অভিজিৎ দীপকের সাক্ষাৎ! সৌজন্যের আড়ালে কি অন্য রাজনৈতিক সমীকরণ?

মমতার সঙ্গে অভিজিৎ দীপকের সাক্ষাৎ! সৌজন্যের আড়ালে কি অন্য রাজনৈতিক সমীকরণ?

Bengal Liberty : ইন্ডিয়া জোটের মেগা সভার ঠিক আগের দিন দিল্লিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। শনিবার সন্ধ্যায় সাউথ অ্যাভিনিউয়ে দু’জনের এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।

সূত্রের খবর, সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন অভিজিৎ। আধ ঘণ্টারও বেশি সময় ধরে কথা হয় দু’জনের মধ্যে। ইন্ডিয়া জোটের রবিবারের মেগা সভার কয়েক ঘণ্টা আগে এই সাক্ষাৎ ঘিরে তাই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

সাক্ষাতের পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দেখা হওয়ার পর অভিজিৎ তাঁকে এক কাপ চায়ের আমন্ত্রণ জানান। তাঁর কথায়, ‘‘আমি আসছিলাম, উনিও আসছিলেন একই পথে। তারপরেই আমাদের দেখা হয়। উনি বললেন, ওকে দিদি, তাহলে চলুন এক কাপ চা খাওয়া যাক। আমি বললাম, নিশ্চয়ই। আমি ওঁকে বাংলায় যাওয়ার জন্যও আমন্ত্রণ জানিয়েছি।’’ মমতা আরও বলেন, CJP-র তরুণ সদস্যরা আন্দোলনের প্রথম সারিতে ছিলেন এবং তিনি সবসময় তাঁদের পাশে থেকেছেন।

অন্যদিকে, অভিজিৎ দীপক জানান, NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে তাঁদের প্রথম আন্দোলন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন জানিয়ে এসেছেন। সংগঠনের দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা গ্রেফতার হওয়ার সময়ও তিনি পাশে দাঁড়িয়েছিলেন। সেই সমর্থনের জন্যই ধন্যবাদ জানাতে মমতার সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। তবে CJP-র প্রতিষ্ঠাতা স্পষ্ট করে দিয়েছেন, ইন্ডিয়া জোটের আন্দোলনকে সমর্থন করলেও তাঁদের সংগঠন নিজস্ব স্বাধীন ও নিরপেক্ষ পরিচয় বজায় রাখবে। রবিবারের সভায় সরাসরি যোগ দেবে না CJP।

এদিকে, এই সাক্ষাতের আগে গড়বেতার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাম নেতা এম এ বেবির সঙ্গে মমতার রাজনৈতিক ঘনিষ্ঠতা নিয়ে তিনি মন্তব্য করেন, ‘‘এখন আন্টি আর বেবির মধ্যে ভাব-ভালোবাসা হয়ে গিয়েছে।’’ পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার দিল্লি সফর নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। বারুইপুরের সভা থেকে তিনি বলেন, ‘‘এরাজ্যে আর কিছু হবে না। আপনি দিল্লিতে যান।’’

ক্ষমতা হারিয়ে মমতা এখন রাজনৈতিকভাবে ধরাশায়ী। দল ভেঙে খানখান, সতীর্থরাও একে একে তাঁর সঙ্গ ছেড়েছেন। দলের নাম ও প্রতীক নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। কিন্তু তাতেও তাঁর দম্ভ একচুল কমেনি। নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে বারবার বিরোধী দলগুলিকে আঁকড়ে ধরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে যুবসমাজের পাশে না দাঁড়িয়ে দিল্লিতে CJP-র প্রতি সমর্থন জানানোর পিছনে রাজনৈতিক স্বার্থ ছাড়া অন্য কোনও কারণ নেই বলেই দাবি বিজেপির।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।