Florida Air Crash
Florida Air Crash

জনবহুল এলাকায় আছড়ে পড়ল যাত্রীবাহী বিমান! মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ৯

Bengal Liberty : মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ৯ জন। রবিবার (১ নভেম্বর) আমেরিকার ফ্লোরিডার পাম বিচ কাউন্টির জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান। ভয়াবহ এই দুর্ঘটনায় বিমানে থাকা প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পরিবহণ সচিব শন ডাফি।

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল একটি লিয়ারজেট ৬০ (Learjet 60) বিজনেস জেট। বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের নর্থ এলিউথেরা বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।

জনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়ে বিমান

প্রশাসন সূত্রে খবর, স্থানীয় সময় রবিবার দুপুর প্রায় ১২টা ৫০ মিনিট নাগাদ ফ্লোরিডার ক্রেস্টহেভেন এলাকার কাছে ভেঙে পড়ে বিমানটি। জনবহুল এলাকার একটি রাস্তার পাশে আছড়ে পড়ার পরই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দুর্ঘটনাস্থলে। তৈরি হয় বিশাল গর্ত, চারদিকে ছড়িয়ে পড়ে বিমানের ধ্বংসাবশেষ।

এই ঘটনায় বিমানে থাকা ৯ জনেরই মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার সময় মাটিতে থাকা কোনও ব্যক্তির মৃত্যু বা আহত হওয়ার খবর প্রাথমিকভাবে পাওয়া যায়নি। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকা থেকে প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তাঁদের জন্য আশ্রয়ের ব্যবস্থাও করা হয়েছে। দুর্ঘটনার জেরে এলাকার একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

কী কারণে আচমকা ভেঙে পড়ল বিমানটি, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB)। তদন্তে সহযোগিতা করছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)।দুর্ঘটনার সময় ওই এলাকায় বৃষ্টি ও বজ্রঝড়ের পরিস্থিতি ছিল বলে জানা গিয়েছে। তবে আবহাওয়াই দুর্ঘটনার কারণ কি না, তা এখনও নিশ্চিত নয়।এদিকে, এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন মার্কিন পরিবহণ সচিব শন ডাফি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের দিকেই এখন নজর প্রশাসনের।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।