Russia
উঠল নিষেধাজ্ঞার বেড়াজাল ৬ বছর পর অলিম্পিকের মঞ্চে ফিরল রাশিয়া!

উঠল নিষেধাজ্ঞার বেড়াজাল ৬ বছর পর অলিম্পিকের মঞ্চে ফিরল রাশিয়া!

Bengal Liberty : অবশেষে অলিম্পিকের মঞ্চে রাশিয়ার জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রত্যাবর্তন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানের জেরে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে একাধিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল রুশ ক্রীড়াবিদদের। তবে এবার সেই পরিস্থিতিতে বড়সড় বদল।

সেনেগালের ডাকার শহরে আয়োজিত ২০২৬ যুব অলিম্পিকের মঞ্চে রাশিয়ার ক্রীড়াবিদদের জাতীয় পরিচয়ে অংশগ্রহণ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। খবর অনুযায়ী, ১৩ জন রুশ ক্রীড়াবিদ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

কীভাবে ফিরল রাশিয়া

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকেই আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে রাশিয়ার অংশগ্রহণ ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। এর আগে রাষ্ট্রীয় মদতে ডোপিং কেলেঙ্কারির অভিযোগেও রাশিয়ার ক্রীড়াক্ষেত্র একাধিক নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। পরবর্তীতে ২০২৩ সালে ইউক্রেনের অধিকৃত অঞ্চলগুলিতে আঞ্চলিক অলিম্পিক সংস্থাগুলিকে স্বীকৃতি দেওয়ার কারণে রাশিয়ান অলিম্পিক কমিটির উপর নিষেধাজ্ঞা জারি করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC)।

চলতি বছরের ৭ জুলাই রাশিয়ান অলিম্পিক কমিটির উপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে IOC। এর ফলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় রুশ ক্রীড়াবিদদের অংশগ্রহণের পথ আরও প্রশস্ত হয়। এমনকি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বেও রুশ ক্রীড়াবিদদের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।

তবে রাশিয়ার প্রত্যাবর্তন ঘিরে বিতর্ক এখনও পুরোপুরি মেটেনি। IOC-এর সিদ্ধান্তে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে রাশিয়ার অংশগ্রহণের পথ খুললেও সমস্ত ক্রীড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা উঠে যায়নি। বিশেষ করে বিশ্ব অ্যাথলেটিক্স-সহ একাধিক ক্রীড়া সংস্থা এখনও নিজেদের বিধিনিষেধ বজায় রেখেছে।

অন্যদিকে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে রাশিয়ার জাতীয় পতাকা, রং ও জাতীয় সঙ্গীত ব্যবহারের বিষয়ে IOC-এর চূড়ান্ত অবস্থানও আলাদা করে নির্ধারিত হওয়ার কথা। ফলে ডাকার যুব অলিম্পিকে রাশিয়ার এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ হলেও, আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে রাশিয়ার সম্পূর্ণ প্রত্যাবর্তনের রাস্তা এখনও একেবারে মসৃণ নয়।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।