Kalyan Chaubey
ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের বকেয়া মেটাতে এফডি ভাঙার প্রস্তাব কল্যাণের,

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের বকেয়া মেটাতে এফডি ভাঙার প্রস্তাব কল্যাণের

Bengal Liberty : ব্রাজিল, উরুগুয়ে ও পানামার মতো হাইপ্রোফাইল দলের বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করতে গিয়ে এবার বড়সড় আর্থিক সংকটের মুখে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। তিনটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের খরচ মেটাতে গিয়ে প্রায় ৮০ থেকে ৮৫ কোটি টাকার আর্থিক ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। আর সেই বকেয়া মেটাতেই ফেডারেশনের ফিক্সড ডিপোজিট (FD) ভাঙার প্রস্তাব দিলেন সভাপতি কল্যাণ চৌবে। তবে প্রাক্তন সভাপতি প্রফুল প্যাটেল-সহ ফেডারেশনের একাধিক সদস্যের আপত্তিতে আপাতত আটকে গেল সেই পরিকল্পনা।

কী নিয়ে বিতর্ক?

রবিবার, ১ নভেম্বর ফেডারেশনের স্পেশ্যাল জেনারেল বডির অনলাইন বৈঠকে উঠে আসে এই আর্থিক বিষয়টি। সেখানে কল্যাণ চৌবে প্রস্তাব দেন, আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ফলে তৈরি হওয়া আর্থিক ঘাটতি মেটাতে ফেডারেশনের ফিক্সড ডিপোজিট ভাঙানো হোক। এমনকী পরে বাইরে থেকে অর্থের ব্যবস্থা করে সেই টাকা ফেরত দেওয়ার কথাও জানান তিনি বলে বৈঠকে উপস্থিত এক কর্তার দাবি।

কিন্তু এই প্রস্তাবেই আপত্তি জানান একাধিক সদস্য। ফেডারেশনের সহ-সভাপতি এন এ হ্যারিস জানান, কার্যকরী কমিটির আগের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি পরিস্থিতি ছাড়া ফিক্সড ডিপোজিট ভাঙা যাবে না। ফলে কল্যাণের প্রস্তাব ঘিরে তৈরি হয় বিতর্ক।

এই বৈঠকে উপস্থিত ছিলেন ফেডারেশনের প্রাক্তন সভাপতি প্রফুল প্যাটেলও। তিনি মনে করিয়ে দেন, আগের বৈঠকে কল্যাণ চৌবে জানিয়েছিলেন, আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের প্রয়োজনীয় অর্থ বাইরের উৎস থেকে জোগাড় করা হবে। তাহলে এখন কেন ফেডারেশনের সঞ্চিত অর্থ ভাঙার প্রয়োজন পড়ছে, তা নিয়েই প্রশ্ন ওঠে।

তিনটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের খরচ ঘিরে ফেডারেশনের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। কারণ শুধু আন্তর্জাতিক ম্যাচ নয়, ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা, সন্তোষ ট্রফি এবং ফুটবলের উন্নয়নমূলক কর্মসূচি চালানোর জন্যও প্রয়োজন বিপুল অর্থ। এই পরিস্থিতিতে আর্থিক ঘাটতি সামলাতে গিয়ে ঘরোয়া ফুটবলের বাজেটে প্রভাব পড়বে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

সূত্রের খবর, বিষয়টি নিয়ে আরও আলোচনার জন্য এন এ হ্যারিস কয়েকজন জেনারেল বডির সদস্যকে নিয়ে বৈঠক করবেন। এরপর ফিক্সড ডিপোজিট ভাঙার প্রস্তাব ফের কার্যকরী কমিটির সামনে তোলা হতে পারে। অর্থাৎ আপাতত স্বস্তি মিললেও, ফেডারেশনের আর্থিক সংকটের স্থায়ী সমাধান এখনও অধরা।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।