Bengal Liberty : পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বিজেপির অন্দরের সংঘাতকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। দলেরই নেতা-কর্মীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল ডেবরার বিজেপি বিধায়ক শুভাশিস ওমের। দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েই তাঁকে হেনস্থা ও মারধর করা হয়েছে বলে অভিযোগ বিধায়কের। বর্তমানে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে মাথায় ব্যান্ডেজ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
জানা গিয়েছে, ডেবরার একটি অঞ্চলে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে দলের কর্মীদের মধ্যে বিবাদ তৈরি হয়। সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন বিধায়ক। শুভাশিস ওমের অভিযোগ, দলের কয়েকজন কর্মীকে মারধর করা হচ্ছিল। তাঁদের বাঁচাতে গিয়ে বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়। ঘটনা প্রসঙ্গে বিধায়ক বলেন, “অঞ্চলে একটা গণ্ডগোল হয়েছিল। চেয়েছিল কেস করতে। এক পতাকার তলায় থেকে না করার জন্য বলা হয়েছিল। তারপরেই কয়েকজন কর্মীকে মারধর করে। সেখানে বাধা দিতে গেলে আমাকেও মারে।”
অন্যদিকে, ঘটনার খবর পেয়ে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস। তবে গোটা বিষয়টি সম্পর্কে তাঁর কাছে স্পষ্ট কোনও তথ্য নেই বলেই জানান তিনি। তাঁর কথায়, “এই ধরনের ঘটনা আমার জানা নেই। হাসপাতালে দেখলাম, তিনি সুস্থ রয়েছেন। তবে দলের মধ্যে কোনও সমস্যা থাকলে, তা প্রকাশ্যে না এনে নিজেদের মধ্যে আলোচনা করাটাই কাম্য। জেলা ও রাজ্য নেতৃত্বকে জানিয়েছি।”
আরও খবর
সূত্রের খবর, বিধায়কের উপর হামলার ঘটনায় অভিযুক্ত কয়েকজন কর্মী জেলা সভাপতি তন্ময় দাসের ঘনিষ্ঠ বলে পরিচিত। অন্যদিকে, জেলা সভাপতির ঘনিষ্ঠ কয়েকজনও এই ঘটনায় আহত হয়েছেন বলে খবর। ফলে বিজেপির অন্দরের এই সংঘাত ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরেও উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালে পৌঁছয় ডেবরার এসডিপিও, থানার ওসি-সহ বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ঘটনায় কোনও পক্ষের তরফে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে সূত্রের খবর।
দলের বিধায়কের উপর দলীয় কর্মীদের হামলার অভিযোগ ঘিরে এখন অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা অব্যাহত।


