Bengal Liberty: ওমানের উপকূলের কাছে ভারতীয় জাহাজে হামলার ঘটনায় মৃত্যু হল এক ভারতীয় নাবিকের। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হামলার তীব্র নিন্দা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর হামলা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে নয়াদিল্লি। জাহাজে থাকা বাকি ১৩ জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের বক্তব্য অনুযায়ী, সোমবার ওমানের উপকূলের কাছে চলাচলের সময় ভারতীয় পতাকাবাহী ‘এমএসভি আল জুসুফি’ নামে জাহাজটিতে আচমকাই একটি উড়ন্ত বস্তু আঘাত হানে। ওই হামলায় গুরুতর আহত হন এক নাবিক। পরে তাঁর মৃত্যু হয়। মৃত নাবিকের নাম গন্ধার নাহিম আজিজ। তিনি গুজরাটের বাসিন্দা।
বিদেশ মন্ত্রকের তরফে মঙ্গলবার জানানো হয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করতে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। নিহত নাবিকের দেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হচ্ছে।
আরও খবর
সম্প্রতি ওমান উপকূলের ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর একের পর এক হামলার ঘটনা যথেষ্ট উদ্বেগজনক বলে জানিয়েছে নয়াদিল্লি। পরিস্থিতি স্বাভাবিক করতে অবিলম্বে সংঘাতের উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট পক্ষগুলির মধ্যে আলোচনা দ্রুত শেষ করে কূটনৈতিক পথে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে ভারত। নয়াদিল্লির বক্তব্য, ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে সংশ্লিষ্ট সব পক্ষকেই উদ্যোগী হতে হবে।


