West Bengal Congress
West Bengal Congress

বিজেপি-আরএসএস বিরোধী পোস্ট, বন্ধ কংগ্রেসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট! সরব প্রদেশ কংগ্রেস, অভিযোগ অস্বীকার বিজেপির

এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য (রাজা)। তাঁর অভিযোগ, বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে পোস্ট করার কারণেই দলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এই পদক্ষেপের তীব্র নিন্দা করে তিনি বলেন, এ ভাবে স্বৈরাচারী শাসকের তল্পিবাহক হয়ে সমাজমাধ্যমে কংগ্রেসের কণ্ঠরোধ করা যাবে না।

এক বিবৃতিতে অশোক ভট্টাচার্য বলেন, ‘‘বিজেপি ও আরএসএস বিরোধী পোস্ট করার জন্য পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা করি। এ ভাবে স্বৈরাচারী শাসকের তল্পিবাহক হয়ে সমাজমাধ্যমে আমাদের কণ্ঠরোধ করা যাবে না।’’

একই সঙ্গে বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই জারি রাখার বার্তাও দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, ভোট চুরির বিরুদ্ধে এবং বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে সর্বত্র কংগ্রেসের লড়াই চলবে। সমাজমাধ্যমে অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে সেই প্রতিবাদ থামানো সম্ভব নয় বলেও দাবি প্রদেশ কংগ্রেস নেতৃত্বের।

অন্য দিকে, কংগ্রেসের তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ফলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ হওয়ার ঘটনাকে ঘিরে দুই রাজনৈতিক শিবিরের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে। কেন অ্যাকাউন্টটি বন্ধ হয়েছে, তার নেপথ্যে কী কারণ রয়েছে, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি। তবে সমাজমাধ্যমে রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা এবং বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক দানা বাঁধছে।

Bengal Liberty