Enforcement Directorate Officials Conducting Raids at Multiple Locations in Kolkata
Enforcement Directorate Officials Conducting Raids at Multiple Locations in Kolkata

চালের ব্যবসার আড়ালে হাওয়ালা কারবারের অভিযোগ! কলকাতার একাধিক জায়গায় ED-র তল্লাশি

চালের ব্যবসাকে সামনে রেখে কি চলছিল হাওয়ালার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা লেনদেন? এমনই অভিযোগের সূত্র ধরে এবার তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার সকাল থেকে কলকাতা ও শহরতলির একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। নরেন্দ্রপুরে এক চাল ব্যবসায়ীর অফিসেও পৌঁছে গিয়েছেন ED আধিকারিকরা। তাঁদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। মূলত অসমের গুয়াহাটিতে দায়ের হওয়া একটি মামলার সূত্র ধরেই এই তল্লাশি অভিযান বলে সূত্রের খবর।

নরেন্দ্রপুরের যে বাড়িতে তদন্তকারীরা পৌঁছেছেন, তার বাইরে ‘এক্সিটো অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থার বোর্ড রয়েছে। প্রাথমিকভাবে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শ্যামল ব্যাপারী নামে এক ব্যবসায়ীর সঙ্গে এই সংস্থার যোগ রয়েছে। ওই ব্যবসায়ীর খোঁজেই বাড়িটিতে তল্লাশি চালাচ্ছেন ED আধিকারিকরা। বাড়িটি মূলত অফিস হিসেবেই ব্যবহার করা হত বলে জানা গিয়েছে।

তদন্তকারীদের প্রাথমিক সন্দেহ, চালের ব্যবসার পাশাপাশি এই সংস্থার মাধ্যমে আমদানি-রফতানির কারবার চলত। সেই ব্যবসার আড়ালেই সাইবার প্রতারণা এবং হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের একটি চক্র সক্রিয় ছিল কি না, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। ইন্টারনেট ও অন্যান্য মাধ্যম ব্যবহার করে কীভাবে এই আর্থিক লেনদেন চলত, সেই বিষয়েও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে ইডি সূত্রে খবর।
ইতিমধ্যেই নরেন্দ্রপুর ছাড়াও কলকাতার লেকটাউন-সহ একাধিক এলাকায় পৌঁছেছেন তদন্তকারীরা। কলকাতা ও জেলা মিলিয়ে মোট চারটি জায়গায় তল্লাশি অভিযান চলছে।

এই আর্থিক লেনদেনের সঙ্গে কত টাকার যোগ রয়েছে, কারা এই চক্রের সঙ্গে যুক্ত এবং এর নেপথ্যে আরও কোনও ব্যক্তি বা সংস্থার ভূমিকা রয়েছে কি না, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন ED আধিকারিকরা।

Soham Mullick
সোহম মল্লিক

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা। ডিজিটাল মাধ্যমেই সাংবাদিকতার জগতে হাতেখড়ি। বর্তমানে Bengal Liberty-র কার্যনির্বাহী সম্পাদক হিসাবে গুরুদায়িত্ব সামলাচ্ছে। খেলাধুলা নিয়ে বিশেষ আগ্রহ। পাশাপাশি, সব ধরনের খবরের খোঁজে কাটে রাত-দিন। অভিজ্ঞদের থেকে প্রতিনিয়ত শেখার আগ্রহ রয়েছে। কাজের বাইরে নেশা বলতে, সঙ্গীত চর্চা এবং ড্রামস বাজানো।