Bengal Liberty: মহাকরণের একেবারে কাছে বহুতলে অগ্নিকাণ্ড। রবিবার গভীর রাতে কলকাতার বিবাদী বাগ এলাকার একটি বহুতলের উপরের তলায় আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বহুতলের উপরের অংশ থেকে ধোঁয়া বেরোতে দেখে নিরাপত্তারক্ষীরা। তাঁরাই দ্রুত পুলিশ ও দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একের পর এক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে মোট ১০টি ইঞ্জিন কাজে নামে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, যে বহুতলে আগুন লেগেছে, সেখানে ভারত কফিন গোল লিমিটেডের অফিস-সহ একাধিক দফতর রয়েছে। বহুতলের উপরের তলায় একটি কম্পিউটার বা তথ্যপ্রযুক্তি সংক্রান্ত অফিসও ছিল বলে জানা যাচ্ছে। এক নিরাপত্তারক্ষীর দাবি, রাত প্রায় ১২টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর পাশাপাশি বহুতলের উপরের তলায় পৌঁছনোর চেষ্টা করেন। দমকলের আধিকারিকদের বিল্ডিংয়ের উপরের অংশে উঠে আগুন লাগার কারণ খতিয়ে দেখতেও দেখা যায়।
এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে যে তলায় আগুন লেগেছে, সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।
আরও খবর
উল্লেখ্য, কলকাতার পুরনো বহুতলগুলিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। গত কয়েক মাসে শহরের বিভিন্ন বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনার পর অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে তৎপর হয়েছিল প্রশাসন। তার পরেও খাস অফিসপাড়ায়, মহাকরণের এত কাছে ফের বহুতলে আগুন লাগার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
পুরনো এই বহুতলগুলিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। তদন্তের পরেই আগুন লাগার প্রকৃত কারণ এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি ছিল কি না, তা স্পষ্ট হবে।


