Bengal Liberty: অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের। চার বছরের প্রাথমিক চাকরির মেয়াদ শেষ হলেও এবার আরও দু’বছর সশস্ত্র বাহিনীতে কাজ করার সুযোগ পেতে পারেন অগ্নিবীরদের একটি বড় অংশ। বুধবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল এন এস রাজা সুব্রমণি। সেখানেই অগ্নিবীরদের জন্য কেন্দ্রের নতুন পদক্ষেপের কথা জানান তিনি।
রাজা সুব্রমণি জানান, প্রথম চার বছর শেষে যাঁরা নিয়মিত সেনাবাহিনীতে স্থায়ীভাবে যোগদানের সুযোগ পাবেন না, তাঁদের মধ্যে ৭৫ শতাংশ অগ্নিবীরের চাকরির মেয়াদ আরও দু’বছর বাড়ানো হবে। ফলে তাঁরা মোট ছ’বছর পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কাজ করার সুযোগ পাবেন। অতিরিক্ত দু’বছরের চাকরির মেয়াদ শেষ হওয়ার পর ফের নিয়মিত সেনাবাহিনীতে যোগদানের জন্য বিবেচিত হওয়ার সুযোগ থাকবে। তবে সে ক্ষেত্রে তাঁদের কাজের পারফরম্যান্স এবং নির্দিষ্ট নির্বাচনী প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হবে।
রাজা সুব্রমণি জানান, অগ্নিবীরদের কাজের অভিজ্ঞতা ও পারফরম্যান্স সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। সশস্ত্র বাহিনীর তরফেই চাকরির মেয়াদ বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভাও। তিনি আরও জানান, অগ্নিপথ প্রকল্পের বাস্তবায়ন নিয়ে ভবিষ্যতে অভিজ্ঞতার ভিত্তিতে পর্যালোচনা করা হতে পারে। এই প্রকল্পের নিয়মকানুন চিরস্থায়ী নয় বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
আরও খবর
অগ্নিবীরদের প্রশিক্ষণের ক্ষেত্রেও একাধিক বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। শারীরিক সক্ষমতার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, প্রযুক্তিগত জ্ঞান, দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের দায়িত্ব পালনের উপযোগী করে তোলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাঁদের। পাশাপাশি, শিক্ষাগত যোগ্যতা বাড়ানোর সুযোগও থাকছে। দশম শ্রেণি উত্তীর্ণদের দ্বাদশ শ্রেণি এবং দ্বাদশ শ্রেণি উত্তীর্ণদের স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনার সুযোগ করে দেওয়ার বিষয়েও উল্লেখ করেন জেনারেল এন এস রাজা সুব্রমণি।
উল্লেখ্য, ২০২২ সালের জুন মাসে চালু হয় অগ্নিপথ প্রকল্প। এই প্রকল্পের আওতায় সেনা, নৌসেনা এবং বায়ুসেনায় প্রাথমিকভাবে চার বছরের জন্য অগ্নিবীরদের নিয়োগ করা হয়। পুরনো নিয়ম অনুযায়ী, প্রতি ব্যাচের সর্বোচ্চ ২৫ শতাংশ অগ্নিবীরকে তাঁদের পারফরম্যান্স এবং বাহিনীর প্রয়োজন অনুযায়ী স্থায়ীভাবে নিয়োগের সুযোগ দেওয়া হয়। বাকিদের চার বছর পর পরিষেবা ছেড়ে দিতে হয় এবং তাঁদের এককালীন ‘সেবা নিধি’ প্যাকেজ দেওয়া হয়।
চলতি বছরের শেষেই প্রথম ব্যাচের অগ্নিবীরদের চার বছরের চাকরির মেয়াদ শেষ হতে চলেছে। নৌসেনার প্রথম ব্যাচের মেয়াদ শেষ হবে ২১ নভেম্বর, বায়ুসেনার ২১ ডিসেম্বর এবং সেনাবাহিনীর ৩১ ডিসেম্বর। ২০২৬ সালের শেষ নাগাদ প্রথম ব্যাচের ১৮ হাজারেরও বেশি অগ্নিবীরের চার বছরের পরিষেবা সম্পূর্ণ হওয়ার কথা। তার আগেই কেন্দ্রের এই বিশেষ উদ্যোগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।


