ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেড

চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত প্রত্যাবর্তন! রোমাকে ৩-২ গোলে হারাল রেড ডেভিলসরা

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় রোমাকে। ম্যাচের ১১ মিনিটেই মাতিয়াস সুলের গোলে এগিয়ে যায় ইতালির ক্লাবটি। এরপর ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ডোনিয়েল মালেন। ফলে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রথমার্ধে ইউনাইটেডের পারফরম্যান্সে হতাশার ছবি ছিল স্পষ্ট। একের পর এক আক্রমণে রোমার সামনে কার্যত দিশেহারা দেখায় রেড ডেভিলসদের।

দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ অন্য মেজাজে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। প্রথমবার তাঁর নেওয়া পেনাল্টি আটকে দিলেও রোমার একাধিক খেলোয়াড় পেনাল্টি বক্সে ঢুকে পড়ায় ফের পেনাল্টি নেওয়ার নির্দেশ দেন রেফারি। দ্বিতীয়বার আর ভুল করেননি ব্রুনো।

এরপর ম্যাচের ৮৩ মিনিটে গোল করে ইউনাইটেডকে সমতায় ফেরান মাতেউস কুনহা। তার মাত্র তিন মিনিটের ব্যবধানে, ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন ব্রাজিলীয় তারকা। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড।

তবে ম্যাচের শেষ মুহূর্তে কিছুটা অস্বস্তিও তৈরি হয় ইউনাইটেড শিবিরে। ৯০+১ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ম্যাচের নায়ক মাতেউস কুনহাকে। ফলে শেষ মুহূর্তে ১০ জনে খেলতে হয় ইউনাইটেডকে।

তবুও শেষ পর্যন্ত জয় হাতছাড়া করেনি তারা। এই জয়ের ফলে দীর্ঘদিনের জয়খরা কাটাল ম্যানচেস্টার ইউনাইটেড। দুই গোলে পিছিয়ে থেকেও এমন প্রত্যাবর্তন নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাস বাড়াবে। অন্যদিকে, দুই গোলে এগিয়ে থেকেও ম্যাচ হারায় হতাশ রোমা শিবির। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচের পুনরাবৃত্তিই কি এ বার ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধেও ঘটল রোমার ক্ষেত্রে?

প্রশ্ন একটাই, এই জয়ের হাত ধরে কি ফের চেনা ছন্দে ফিরবে ইউনাইটেড? নাকি আবারও দেখা যাবে পুরনো ব্যর্থতার ছবি? উত্তর দেবে সময়। তবে এই জয় সাময়িকভাবে হলেও রেড ডেভিলসদের আত্মবিশ্বাস যে বাড়াবে, তা বলাই বাহুল্য

Bengal Liberty