Bengal Liberty : ইংলিশ প্রিমিয়ার লিগে ফের একবার হতাশাজনক হার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে এএফসি বোর্নমাউথের বিরুদ্ধে ৩-০ গোলে পরাজিত হল রেড ডেভিলসরা। অন্যদিকে, দুরন্ত জয় তুলে নিয়ে নিজেদের শক্তির পরিচয় দিল বোর্নমাউথ। এই হারের ফলে আরও চাপে পড়লেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিক। সেই সঙ্গে ম্যাচের পর মাইকেল ক্যারিকের ইস্তফার দাবি আরও জোরালো হয়ে উঠল।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে লড়াই দেখা গেলেও প্রথমার্ধের ৩৮ মিনিটে গোলের দরজা খুলে দেয় বোর্নমাউথ। জাস্টিন ক্লুইভার্টের ফ্রি-কিক থেকে দুরন্ত ফিনিশে দলকে এগিয়ে দেন রায়ান। ফলে ১-০ গোলে এগিয়ে যায় অতিথি দল।
এরপর ৪৩ মিনিটে ফের গোল। ইউনাইটেডের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান বাড়ান মার্কাস ট্যাভার্নিয়ার। আদ্রিয়েন ত্রুফেরের পাস থেকে বল জালে জড়িয়ে বোর্নমাউথকে ২-০ গোলে এগিয়ে দেন তিনি। প্রথমার্ধেই কার্যত চাপে পড়ে যায় ম্যান ইউ
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। উল্টে ম্যাচের ৭১ মিনিটে বোর্নমাউথের হয়ে তৃতীয় গোলটি করেন ইভানিলসন। লুইস কুকের পাস থেকে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন তিনি। শেষ পর্যন্ত আর কোনও গোল না হওয়ায় ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বোর্নমাউথ।
আরও খবর
এই হারের সঙ্গেই লিগ টেবিলের তলানিতে এসে ঠেকল ম্যানচেস্টার ইউনাইটেড। পর পর হারে বিপর্যস্ত হওয়ার পর এখনও কেন কোচের দায়িত্বে বহাল মাইকেল ক্যারিক তাই নিয়েই জল্পনা তুঙ্গে। চেলসি ম্যাচের আগেই কী প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে ক্যারিক কে? নাকি চলবে শোচনীয় পরাজয়ের খেলা? এই নিয়েই উদ্বেগ ইউনাইটেড সমর্থকদের মধ্যে।


