নিউটাউনের যাত্রাগাছিতে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর
নিউটাউনের যাত্রাগাছিতে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর

নিউটাউনে বেসরকারি হাসপাতালে প্রোমোটার-রাজ! রোগীদের বের করে দেওয়ার অভিযোগ

হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছেন স্থানীয় প্রোমোটার সঞ্জীব বিশ্বাস। তাঁর সঙ্গে থাকা কয়েকজনও হামলায় সামিল হন বলে অভিযোগ। জমি বিবাদকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। যে জমির উপর হাসপাতালটি তৈরি হয়েছে, সেই জমি নিয়েই আদালতে মামলা চলছে বলে জানা গিয়েছে। আচমকা এই হামলার ঘটনায় আতঙ্কিত হাসপাতালের কর্মীরা। তাঁদের দাবি, নিয়ম মেনেই হাসপাতালটি তৈরি ও পরিচালনা করা হচ্ছে। তা সত্ত্বেও এভাবে হামলার ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সঞ্জীব বিশ্বাস। তাঁর পাল্টা দাবি, হাসপাতালের কাছে তাঁর কয়েক কোটি টাকা পাওনা রয়েছে। ভাড়া বাবদ ওই টাকা বকেয়া রয়েছে বলেও দাবি করেছেন তিনি। পাশাপাশি, হাসপাতালটি বেআইনিভাবে পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন ওই প্রোমোটার।

ঘটনার পর নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। টাকা-পাওনা এবং জমির মালিকানা সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Bengal Liberty