Bengal Liberty: রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে বুধবার দীর্ঘ বৈঠক করলেন বেলেঘাটার মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষস্ট্র্যান্ড রোডে নবমহাকরণে এই বৈঠক হয়। বৈঠকের পরে কুণাল জানিয়েছেন, তাঁর বিধানসভা এলাকায় একটি নতুন বাস রুট চালুর প্রস্তাব নিয়ে অর্জুনের সঙ্গে তাঁর কথা হয়েছে। বেলেঘাটার বিধায়ক বলেন, তাঁর কেন্দ্রের বহু মানুষ তাঁর কাছে জানিয়েছেন, ফুলবাগান থেকে বেলেঘাটা সেলস ট্যাক্স বিল্ডিং হয়ে হাওড়া স্টেশন পর্যন্ত কোনও বাস রুট নেই। ফলে অফিসের সময়ে নিত্য ভোগান্তিতে পড়তে হচ্ছে। ইস্ট-ওয়েস্ট মেট্রো বেলেঘাটা, ফুলবাগান হয়ে গিয়েছে ঠিকই। কিন্তু সেটি নারকেলডাঙা মেন রোডে। ফলে বেলেঘাটার বিস্তীর্ণ অংশের মানুষ মেট্রোর সুবিধা পান না।
নতুন বাস রুটের আর্জি নিয়েই অর্জুনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কুণাল। অর্জুন পরিবহণের পাশাপাশি শ্রম দফতরেরও মন্ত্রী। নবমহাকরণে বুধবার শ্রম দফতরেই মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মমতা তৃণমূলের বিধায়ক। তবে কথা হয়েছে পরিবহণ নিয়ে।
বৈঠকে সন্তুষ্ট কুণাল। তিনি বলেন, “শ্রমমন্ত্রী দফতরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বাস রুটটি চালু করার ব্যাপারে।” সূত্রের খবর, অর্জুন আশ্বাস দিয়ে কুণালকে জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই ৩০টি নতুন ইলেক্ট্রিক বাস আসছে। তার থেকে দু’টি বাস দিয়ে যাতে নতুন রুট চালু করা যায়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।


