Bengal Liberty: সরকারি কর্মচারীদের জন্য স্যালারি অ্যাডভান্স স্কিম চালু করল অর্থ দফতর। মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে অর্থদপ্তর। রাজ্য সরকারের প্রত্যেক স্থায়ী কর্মী এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। আর্থিকভাবে সুবিধা দিতেই অ্যাডভান্স স্যালারির বন্দোবস্ত করছে নবান্ন। অর্থাৎ সরকারি কর্মীদের জরুরি আর্থিক প্রয়োজনে এই প্রকল্প সাহায্য করবে বলে দাবি। এই প্রকল্পের মাধ্যমে কর্মীরা নিজেদের বেতনের ভিত্তিতে স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি অগ্রিম টাকা তোলার সুযোগ পাবেন। চিকিৎসা সংক্রান্ত জরুরি প্রয়োজন, পারিবারিক দায়িত্ব, পড়াশোনার খরচ বা আকস্মিক আর্থিক সমস্যায় পড়লে এই সুবিধা কাজে আসবে।
স্বল্পমেয়াদি অগ্রিম ব্যবস্থায় কোনও সরকারি কর্মী তাঁর অনুমোদিত নেট বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অ্যাডভান্স পেতে পারেন। এই টাকা ৬০ দিনের মধ্যে অথবা পরবর্তী বেতন থেকে কাটা হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত দিলে সুদ দিতে হবে না। তবে দেরি হলে, নির্দিষ্ট শর্তে অ্যাডভান্সের সর্বোচ্চ ১ শতাংশ পর্যন্ত লেনদেন ফি নেওয়া হতে পারে। তবে সরকারি দফতর, ডিডিও অথবা টাকা কাটার ব্যবস্থার কারণে দেরি হলে এই ফি নেওয়া যাবে না। এমনকী স্বল্পমেয়াদি অ্যাডভান্সের উপর কোনও সুদ বা পেনাল চার্জও ধার্য করা যাবে না বলে নির্দেশিকায় বলা হয়েছে।
অন্যদিকে, দীর্ঘমেয়াদি অগ্রিম ব্যবস্থায় সরকারি কর্মীরা ২ মাস থেকে সর্বোচ্চ ৬০ মাস পর্যন্ত কিস্তিতে টাকা ফেরত দেওয়ার সুযোগ পাবেন। তবে কর্মীর অবসরের তারিখের পরে এই ঋণের মেয়াদ বাড়ানো যাবে না। কর্মীর নেট পে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ক্রেডিট দেওয়া যেতে পারে। এক্ষেত্রে মাসিক কিস্তি-র সর্বোচ্চ সীমা কর্মীর সংশ্লিষ্ট মাসের নেট পে-এর ৫০ শতাংশ হবে।
আবেদন সংক্রান্ত বিষয়ের জন্য WBIFMS বা HRMS-এ যেতে হবে।


