নভেম্বর মাসের পাঁচ দিন পেরিয়ে গেলেও শীতের আমেজ এখনও সেভাবে উপভোগ করতে পারছে না বঙ্গবাসী। তবে তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়ে কিছুটা স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। যদিও বৃষ্টির ভ্রুকুটি এখনই কাটছে না বাংলা থেকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৯ নভেম্বর, সোমবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে রাজ্যে। তার আগে সপ্তাহান্ত থেকেই ধীরে ধীরে নামতে পারে পারদ। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি এবং উত্তরবঙ্গে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
কলকাতার আবহাওয়া
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘে ঢাকা থাকার সম্ভাবনা। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আকাশ মেঘলা থাকলেও আগামী কয়েক দিন মূলত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। তবে সপ্তাহান্ত থেকে তাপমাত্রা কমতে শুরু করায় হালকা শীতের অনুভূতি বাড়তে পারে।
আরও খবর
দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতার পাশাপাশি বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। তবে হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা নিয়ে সতর্কতা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৮ নভেম্বর, রবিবার অর্থাৎ কালীপুজো পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এরপর সোমবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। পাশাপাশি সপ্তাহান্তে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
অন্যদিকে, উত্তরবঙ্গেও আপাতত বড়সড় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা। রবিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে। তবে সপ্তাহান্ত থেকে উত্তরবঙ্গের পারদও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে ধীরে ধীরে শীতের আমেজ বাড়ার অপেক্ষায় পাহাড় থেকে সমতলের বাসিন্দারা।


