Bengal Liberty: কলকাতা-সহ সাত পুরসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না। আগামী ১২ নভেম্বর ওই তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। সে দিন তা প্রকাশ করছে না রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, কালীপুজো এবং দীপাবলির পরেই কলকাতা-সহ সাত পুরসভার ভোটের দিনক্ষণ স্পষ্ট হতে পারে। রাজ্যের তরফে তেমনই ইঙ্গিত মিলেছে। সেই কারণেই আপাতত স্থগিত রাখা হল পুর নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। তারা জানাচ্ছে, ওই ভোটার তালিকা প্রকাশের নতুন দিন জানানো হবে। ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে সাত পুরসভার ভোট হতে পারে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট জেলাশাসকদের চিঠি পাঠিয়ে তা জানিয়েও দিয়েছে কমিশন। অন্য দিকে, কলকাতা পুরসভার ভোট ঘোষণায় বাধা রয়েছে। ওই পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা বিচারাধীন। শুক্রবার ওই মামলার রায় ঘোষণা হবে। কমিশন মনে করছে, ওই রায়ের উপরই ভোটের ভবিষ্যৎ নির্ভর করবে।
ভোটার তালিকা তৈরি করে জাতীয় নির্বাচন কমিশন। তাদের কাছ থেকে তালিকা নিয়ে ভোট করায় রাজ্যের কমিশন। নিয়ম মোতাবেক, নির্বাচন ঘোষণার পরে ভোটার তালিকা ফ্রিজ হয়ে যায়। অর্থাৎ, সেই সময় থেকে নতুন করে কোনও ভোটারের নাম বাদ বা মুছে দেওয়া যায় না। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত একই অবস্থায় ভোটার তালিকার রাখতে হয়। রাজ্য নির্বাচন কমিশনের পরিকল্পনা ছিল, নভেম্বর মাসেই ভোট হবে। সেই মতো তারা গত জুলাই মাসের ভোটার তালিকা ধরে প্রস্তুতি নেয়। সেই অনুযায়ী আগামী বৃহস্পতিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। কমিশন জানিয়েছিল, জুলাই মাসের তালিকা এবং পরে নতুন ভোটারদের যুক্ত করে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। দুটো মিলিয়ে চূড়ান্ত তালিকা তৈরি করে হবে পুরভোট।
এখনই চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়ায় আরও বেশি সংখ্যক ভোটার পুরভোটে যুক্ত হতে পারবেন। কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহের শেষে ভোট ঘোষণার হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি হলে অক্টোবর মাসের ‘আপডেট’ তালিকা ধরে ভোট হবে। প্রসঙ্গত, কোন পুরসভায় কবে ভোট হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় রাজ্য। কলকাতার সঙ্গে হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং এবং কার্শিয়াং পুরসভায় ভোট করাতে চায় কমিশন। এখন রাজ্য কী সিদ্ধান্ত নেয় সে দিকেই তাকিয়ে তারা।


