Bengal Liberty: প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় আন্তর্জাতিক জলপোলো খেলোয়াড় এবং বাংলার জলক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব দিলীপ দেব। বুধবার ৮৬ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর প্রয়াণে বাংলার জলক্রীড়া মহলে নেমে এসেছে শোকের ছায়া। তিনি রেখে গেলেন মা ও কন্যাকে।
আন্তর্জাতিক স্তরে ভারতের হয়ে জলপোলো খেলেছেন দিলীপ দেব। খেলোয়াড়জীবনে তাঁর দক্ষতার স্বীকৃতি মেলে জাতীয় দলে প্রতিনিধিত্বের মাধ্যমে। পরবর্তীতে বাংলার জলপোলো দলের নেতৃত্বও দেন তিনি। ১৯৬৩ এবং ১৯৬৪ সালে পরপর দু’বছর বাংলার দলকে নেতৃত্ব দিয়েছিলেন দিলীপ। প্রতিযোগিতামূলক খেলোয়াড়জীবন শেষ করার পরও জলপোলো থেকে দূরে সরে যাননি। বাংলার দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এবং তাঁর প্রশিক্ষণে উঠে আসে একাধিক প্রজন্মের খেলোয়াড়।
কলকাতার কলেজ স্কোয়ার সুইমিং ক্লাবের সঙ্গে দিলীপ দেবের সম্পর্ক ছিল দীর্ঘদিনের। ক্লাবের আজীবন সদস্য হিসেবে একাধিক ব্যাচের খেলোয়াড়কে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত ক্লাবের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ বজায় ছিল। খেলাধুলায় তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে তিনবার ‘ব্লু’ সম্মানে ভূষিত করে।
আরও খবর
জলপোলো এবং প্রশিক্ষণের পাশাপাশি ক্রীড়া প্রশাসনের সঙ্গেও যুক্ত ছিলেন দিলীপ। সেন্ট্রাল ক্যালকাটা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। জেলার স্তরে খেলাধুলার প্রসার ও ক্রীড়া কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা ছিল তাঁর।
দিলীপ দেবের মৃত্যু বাংলার জলপোলো জগতের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান। খেলোয়াড়, কোচ এবং অভিভাবক হিসেবে তাঁর দীর্ঘ অবদান ক্রীড়ামহলে স্মরণীয় হয়ে থাকবে। নিমতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।


