Bengal Liberty: সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে অভিযান শুরু করল ভারতীয় ফুটবল দল। বৃহস্পতিবার বাংলাদেশের ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। আর সেই ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তা পেরিয়ে ৩-২ গোলে জয় তুলে নিল ব্লু টাইগার্সরা। ভারতের হয়ে জোড়া গোল করলেন সুহেল আহমেদ ভাট। এছাড়াও একটি গোল করেন মাংলেনথাং কিপগেন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে ভারত। ম্যাচের ১৩ মিনিটেই সুহেল আহমেদ ভাটের গোলে এগিয়ে যায় ভারত। এরপর ১৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন সুহেল। পরপর দুই গোল হজম করে চাপে পড়ে পাকিস্তান।
এরপর ম্যাচের ৩১ মিনিটে মাংলেনথাং কিপগেনের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। প্রথমার্ধে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল ভারতীয় দলের হাতে। অন্যদিকে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হয় পাকিস্তান। শায়াক দস্তের নেওয়া পেনাল্টি ক্রসবারের উপর দিয়ে চলে যায়।
দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ তৈরি করেছিল ভারত। তবে ব্যবধান আর বাড়াতে পারেনি তারা। ম্যাচের শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পাকিস্তান।
আরও খবর
৯০+১ মিনিটে নাজিব উল্লাহর গোলে ব্যবধান কমায় পাকিস্তান। এরপর ৯০+৪ মিনিটে আলমগির ঘাজির গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-২।
শেষ কয়েক মিনিটে ভারতীয় শিবিরে কিছুটা উদ্বেগ তৈরি হলেও শেষ পর্যন্ত নিজেদের লিড ধরে রাখতে সক্ষম হয় ব্লু টাইগার্সরা।
এই জয়ের ফলে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ বি-তে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিল ভারত। এবার আগামী ১১ নভেম্বর মালদ্বীপের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। পাকিস্তানের বিরুদ্ধে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে ভারতীয় ফুটবলারদের।


