Hindu Mahasabha Files FIR Against Abhishek Banerjee
Hindu Mahasabha Files FIR Against Abhishek Banerjee

তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল হিন্দু মহাসভা

ডায়মন্ড হারবারের মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল অখিল ভারত হিন্দু মহাসভা। সংগঠনের রাজ্য সভাপতি ডঃ চন্দ্রচূড় গোস্বামী লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করে বলেন, তৃণমূল সাংসদের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া। এই দাবি প্রমাণ করতে না পারলে ও দোষী সাব্যস্ত হলে তৃণমূল সাংসদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা প্রয়োগের দাবি জানানো হয়েছে সংগঠনের তরফে। সম্প্রতি সরিষার তৃণমূল কার্যালয় থেকে কোটি টাকা নগদ উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনার পর মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, পার্টি অফিসের ভিতরে টাকা প্ল্যান্ট করে রেখেছে পুলিশ। তার স্বপক্ষে প্রমাণ হিসেবে তিনি কালো গাড়ির ছবি ও ভিডিও শেয়ার করেন। তখন তিনি দাবি করেছিলেন, পুলিশ গোপনে ওই টাকা রেখেছিল দলের অফিসে। পুরো বিষয়টি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। দলের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতেই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন অভিষেক। এই বিষয়ে সংগঠনের রাজ্য সভাপতি ডঃ চন্দ্রচূড় গোস্বামী বলেন, কোনও প্রমাণ ছাড়াই পুলিশের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে এবং আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে সাধারণ মানুষকে উস্কে দিতে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই ধরণের বক্তব্য দেশের গণতান্ত্রিক ব্যবস্থার অবমাননা করে এবং এর ফলে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের আর্জি জানানো হয়েছে অখিল ভারত হিন্দু মহাসভার তরফ থেকে।

Soham Mullick
সোহম মল্লিক

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা। ডিজিটাল মাধ্যমেই সাংবাদিকতার জগতে হাতেখড়ি। বর্তমানে Bengal Liberty-র কার্যনির্বাহী সম্পাদক হিসাবে গুরুদায়িত্ব সামলাচ্ছে। খেলাধুলা নিয়ে বিশেষ আগ্রহ। পাশাপাশি, সব ধরনের খবরের খোঁজে কাটে রাত-দিন। অভিজ্ঞদের থেকে প্রতিনিয়ত শেখার আগ্রহ রয়েছে। কাজের বাইরে নেশা বলতে, সঙ্গীত চর্চা এবং ড্রামস বাজানো।