Youth Olympics
যুব অলিম্পিকে সোনা না জিতেও নজির বিহীন সাফল্য তানিয়ার!

যুব অলিম্পিকে সোনা না জিতেও নজির বিহীন সাফল্য তানিয়ার!

Bengal Liberty : যুব অলিম্পিকে ফের ইতিহাস গড়ল ভারত। ডাকার যুব অলিম্পিক ২০২৬-এ নতুন এক খেলায় দেশের হয়ে প্রথম পদক জিতে নজির গড়লেন ভারতীয় তরুণী কুস্তিগির তানিয়া। বিচ রেসলিংয়ে মহিলাদের ৭৫ কেজি বিভাগে রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন তিনি। সোনা জয়ের সুযোগ থাকলেও ফাইনালে চিনের প্রতিপক্ষের কাছে হারতে হল তাঁকে।

শনিবার মহিলাদের ৭৫ কেজি বিভাগের ফাইনালে চিনের মিন ঝাওয়ের মুখোমুখি হয়েছিলেন তানিয়া। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত ১-২ ব্যবধানে পরাজিত হন ভারতীয় কুস্তিগির। ফলে সোনা অধরা থাকলেও রুপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। উল্লেখ্য, চিনের মিন ঝাও ২০২৫ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় ৬৯ কেজি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

ফাইনালে ওঠার পথেও দুরন্ত পারফরম্যান্স করেছেন তানিয়া। গ্রুপ পর্বে জার্মানির মিয়া বাউয়ার এবং গ্রিসের ভাসিলিকি কারাভানুকে পরাজিত করেন তিনি। এরপর কোয়ার্টার ফাইনালে এস্তোনিয়ার মেরিলি ভেস্টারকে ৪-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন। শেষ চারে আমেরিকার মাতিল্ডা অ্যান হ্রুবিকে ৩-১ ব্যবধানে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেন ভারতীয় এই কুস্তিগির।

উল্লেখ্য, ২০২৬ সালের ডাকার যুব অলিম্পিকেই প্রথমবার অন্তর্ভুক্ত হয়েছে বিচ রেসলিং। আর প্রথমবারের প্রতিযোগিতাতেই রুপোর পদক জিতে এই বিভাগে যুব অলিম্পিকে প্রথম ভারতীয় পদকজয়ী হয়ে উঠলেন তানিয়া। এর আগে ২০২৬ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় মহিলাদের ৬৯ কেজি ফ্রিস্টাইল বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। পাশাপাশি অনূর্ধ্ব-১৭ এশিয়ান চ্যাম্পিয়নশিপেও রুপো জয়ের নজির রয়েছে তাঁর।

তানিয়ার এই ঐতিহাসিক সাফল্যের ফলে ডাকার যুব অলিম্পিকে ভারতের পদকসংখ্যা বেড়ে দাঁড়াল সাত। এখনও পর্যন্ত ভারত তিনটি রুপো এবং চারটি ব্রোঞ্জ পদক জিতেছে। সোনা না এলেও নতুন খেলায় তানিয়ার এই সাফল্য নিঃসন্দেহে ভারতীয় ক্রীড়াক্ষেত্রে এক উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকবে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।