Bengal Liberty : স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল গুরুতর চোট। হাঁটুর ACL (Anterior Cruciate Ligament) অস্ত্রোপচারের পর একটা সময় ঠিকমতো হাঁটতেও পারতেন না তিনি। কিন্তু হার মানতে রাজি ছিলেন না। দীর্ঘ লড়াই, কঠোর পরিশ্রম এবং অদম্য মানসিক জোরের জেরেই এবার আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের শিখরে পৌঁছে গেলেন ভারতের তরুণ অ্যাথলিট শৌর্য আম্বুরে। ২০২৬ সালের যুব অলিম্পিকে মহিলাদের ১০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়লেন মহারাষ্ট্রের এই ১৭ বছর বয়সি অ্যাথলিট। সেনেগালের ডাকারে আয়োজিত যুব অলিম্পিকে রবিবার মহিলাদের ১০০ মিটার হার্ডলসের ফাইনালে দুরন্ত পারফরম্যান্স করেন শৌর্য। মাত্র ১৩.৫৯ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় স্থান অর্জন করেন তিনি।
শুধু তাই নয়, এই সময়ের মাধ্যমে নিজের ব্যক্তিগত সেরাও গড়েছেন ভারতীয় অ্যাথলিট। ফাইনালের আগে সেমিফাইনালেও নজর কেড়েছিলেন শৌর্য। সেখানে ১৩.৭৭ সেকেন্ড সময় করে দ্বিতীয় স্থানে শেষ করে ফাইনালের টিকিট নিশ্চিত করেন তিনি। অর্থাৎ একই দিনে দু’বার নিজের ব্যক্তিগত সেরা সময়কে ছাপিয়ে গেলেন এই তরুণী। এই ইভেন্টে চিনের ঝাং কেয়ি ১৩.১৭ সেকেন্ড সময় করে সোনা জেতেন। অন্যদিকে ফ্রান্সের আনা পিটার্স ১৩.৫৭ সেকেন্ড সময় করে রুপো জেতেন। মাত্র ০.০২ সেকেন্ডের ব্যবধানে রুপো হাতছাড়া হয় শৌর্যের।
তবে এই ব্রোঞ্জ পদকের পিছনে রয়েছে দীর্ঘ লড়াইয়ের কাহিনি। গত বছরের ডিসেম্বর মাসে অনুশীলনের সময় বাম পায়ে গুরুতর চোট পান শৌর্য। ছিঁড়ে যায় তাঁর ACL। এরপর চলতি বছরের ১ জানুয়ারি কাতারের দোহায় অস্ত্রোপচার হয় তাঁর। প্রায় এক মাস ক্রাচের সাহায্যে চলাফেরা করতে হয়েছিল তাঁকে। অস্ত্রোপচারের তিন মাস পর ধীরে ধীরে দৌড় শুরু করেন তিনি।
আরও খবর
কিন্তু এতকিছুর পরেও যুব অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন ছাড়েননি শৌর্য। নিজের ঘরের দেওয়ালে যুব অলিম্পিকের ছবি লাগিয়ে রেখেছিলেন তিনি। এমনকী মোবাইলের ওয়ালপেপারেও ছিল সেই ছবি। ভারতের তারকা লং জাম্পার মুরলি শ্রীশঙ্করের পরামর্শ এবং নিজের কোচ অজিত কুলকার্নির সহযোগিতা তাঁকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে।
গুরুতর চোটের কারণে যখন তাঁর যুব অলিম্পিকে অংশগ্রহণ নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তখনই নিজের লড়াইয়ের জোরে সেই মঞ্চে পৌঁছে গেলেন শৌর্য। আর এবার দেশের হয়ে ব্রোঞ্জ জিতে প্রমাণ করলেন, অদম্য ইচ্ছাশক্তি থাকলে কঠিন পরিস্থিতিকেও জয় করা সম্ভব।


