Bengal Liberty : প্রয়াত হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র জয়ন্ত মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বৃহস্পতিবার মুম্বইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রযোজক জয়ন্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি বিশিষ্ট অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী। পরিবারের তরফে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মেয়ে মেঘা মুখোপাধ্যায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন জয়ন্ত। ফুসফুসে সংক্রমণের পাশাপাশি টাইফয়েডেও আক্রান্ত হয়েছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। পরে কিছুটা সুস্থ হয়ে গত ৬ নভেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি। পরিবারের সঙ্গে দীপাবলিও উদ্যাপন করেছিলেন। তবে ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১১ নভেম্বর চিকিৎসকের পরামর্শ নিতে যান পরিবারের সদস্যরা। ফুসফুসের সংক্রমণ এবং বয়সজনিত কারণে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে ছিলেন চিকিৎসকেরা। শেষ পর্যন্ত বৃহস্পতিবার মৃত্যু হয় তাঁর।
বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকলেও প্রচারের আলো থেকে বরাবরই দূরে থাকতে পছন্দ করতেন জয়ন্ত। ছবি ও টেলিভিশন প্রযোজনার ক্ষেত্রে তাঁর অবাধ আনাগোনা ছিল। ১৯৭৫ সালের ‘মজাক’ এবং ১৯৭৯ সালের ‘দো লড়কে দোনো কড়কে’ ছবিতে প্রযোজক হিসেবে কাজ করেছেন তিনি। এরপর ১৯৯২ সালে টেলিভিশন ধারাবাহিক ‘তলাশ’-এরও প্রযোজক ছিলেন জয়ন্ত মুখোপাধ্যায়। প্রযোজক ও পরিচালক জয়ন্ত মুখোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।
আরও খবর
জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে প্রায় পাঁচ দশকেরও বেশি সময় দাম্পত্য জীবন কাটিয়েছেন মৌসুমী। ২০১৯ সালের ডিসেম্বরে জীবনে নেমে এসেছিল বিপর্যয়। বড় মেয়ে পায়েলকে হারিয়েছিলেন অভিনেত্রী মৌসুমী। এবার স্বামীকে হারিয়ে ফের কঠিন শোকের মুখে পড়লেন অভিনেত্রী।


