মাইক্রোসফটের বিশ্বজোড়া বিভ্রাটের প্রভাব দিল্লির বিমান পরিষেবায়! বাতিল ৩টি বিমান, দেরিতে ছাড়ল আরও ২টি
মাইক্রোসফটের বিশ্বজোড়া বিভ্রাটের প্রভাব দিল্লির বিমান পরিষেবায়! বাতিল ৩টি বিমান, দেরিতে ছাড়ল আরও ২টি

মাইক্রোসফটের বিশ্বজোড়া বিভ্রাটের প্রভাব দিল্লির বিমান পরিষেবায়! বাতিল ৩টি বিমান, দেরিতে ছাড়ল আরও ২টি

Bengal Liberty : বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবায় বড়সড় প্রযুক্তিগত বিপর্যয়ের জেরে এবার প্রভাব পড়ল ভারতের বিমান পরিষেবাতেও। বিশেষ করে রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এই বিভ্রাটের প্রভাব দেখা গিয়েছে। মাইক্রোসফটের প্রযুক্তিগত সমস্যার কারণে শুক্রবার সকালে দিল্লি থেকে স্পাইসজেটের তিনটি বিমান বাতিল করা হয়েছে। পাশাপাশি আরও দুটি বিমান নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে ছাড়ে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চরম ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা।

সূত্রের খবর, শুক্রবার দিল্লি থেকে পুণে, লেহ এবং মুম্বইগামী স্পাইসজেটের তিনটি বিমান বাতিল করা হয়েছে। অন্যদিকে, দিল্লি থেকে দারভাঙা এবং মুম্বইগামী আরও দুটি বিমানের পরিষেবায় বিলম্ব হয়েছে। মাইক্রোসফটের পরিষেবায় প্রযুক্তিগত বিভ্রাটের জেরেই এই সমস্যা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে স্পাইসজেটের বিমান পরিষেবা ব্যাহত হলেও আপাতত এয়ার ইন্ডিয়ার বিমান চলাচলে কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছে সংস্থা। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে তারা। পাশাপাশি যাত্রীদের ইমেল পরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেই কারণে সাময়িকভাবে ইমেল ট্রাফিক অন্য পথে পরিচালিত করা হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

অন্যদিকে, ইন্ডিগো এবং আকাসা এয়ারের তরফেও যাত্রীদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। মাইক্রোসফটের বিশ্বব্যাপী বিভ্রাটের কারণে এই দুই সংস্থার ইমেল পরিষেবাতেও সমস্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে যাত্রীদের নিজেদের বিমানের সময়সূচি এবং স্ট্যাটাস যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দিল্লি বিমানবন্দরের তরফেও যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকেই মাইক্রোসফটের একাধিক পরিষেবায় প্রযুক্তিগত সমস্যা দেখা দিতে শুরু করে। বিশেষ করে Outlook, Exchange Online এবং Teams-এর মতো পরিষেবাগুলি ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়েন বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা। পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি সমস্যার সমাধানে কাজ শুরু করেছে মাইক্রোসফট। তবে ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটেছে, তা নিয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।