হোয়াইট হাউসের অদূরে ভয়াবহ বন্দুকবাজের হামলা!
হোয়াইট হাউসের অদূরে ভয়াবহ বন্দুকবাজের হামলা!

হোয়াইট হাউসের অদূরে ভয়াবহ বন্দুকবাজের হামলা!

Bengal Liberty : মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ফের বন্দুকবাজের হামলায় ছড়াল তীব্র আতঙ্ক। হোয়াইট হাউসের অদূরে লোগান সার্কেল (Logan Circle) এলাকায় এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন। পাশাপাশি গুলিবিদ্ধ হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তারক্ষী।

প্রাথমিক খবর অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ ওয়াশিংটনের লোগান সার্কেল এলাকায় একটি জিমের ভিতরে প্রথমে গুলি চালায় এক বন্দুকবাজ। এরপর আশপাশের এলাকাতেও গুলি চালানোর ঘটনা ঘটে। ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ঘটনার পরেই এলাকা ঘিরে ফেলে পুলিশ। অন্যদিকে, হামলাকারী একটি বহুতলের সপ্তম তলায় একটি অ্যাপার্টমেন্টে গিয়ে আত্মগোপন করে বলে জানা গিয়েছে। প্রায় এক ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে চলে আলোচনা। এরপর ওই অ্যাপার্টমেন্ট থেকে গুলির শব্দ শুনতে পান নিরাপত্তারক্ষীরা। পরে সেখানে পৌঁছে বন্দুকবাজকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিজের আগ্নেয়াস্ত্রের গুলিতেই মৃত্যু হয়েছে অভিযুক্তের।

তবে এই হামলার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের সঙ্গে অভিযুক্তের কোনও বিবাদ ছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ঘটনাকে এখনও পর্যন্ত সন্ত্রাসবাদী হামলা হিসেবে চিহ্নিত করেনি মার্কিন প্রশাসন।

ঘটনাস্থলটি হোয়াইট হাউস থেকে প্রায় এক মাইল দূরে। হামলার পর স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আশপাশের কয়েকটি স্কুলেও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। সব মিলিয়ে মার্কিন রাজধানীর বুকে এই ভয়াবহ বন্দুকবাজের হামলা ঘিরে ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।