বচ্চন পরিবারে লেগেছে অশান্তির আগুন! জলসা বাংলোকে কেন্দ্র করে নতুন করে শুরু গৃহযুদ্ধ!
বচ্চন পরিবারে লেগেছে অশান্তির আগুন! জলসা বাংলোকে কেন্দ্র করে নতুন করে শুরু গৃহযুদ্ধ!

বচ্চন পরিবারে লেগেছে অশান্তির আগুন! জলসা বাংলোকে কেন্দ্র করে নতুন করে শুরু গৃহযুদ্ধ!

Bengal Liberty : লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের কাছ থেকে হুমকি পাওয়ার পর থেকেই বুলেটপ্রুফ রক্ষাকবচের মধ্যেই রয়েছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। কঠোর নিরাপত্তার মধ্যে থাকলেও প্রতি রবিবার সমর্থকদের সঙ্গে দেখা না করলে যেন তাঁর দিন পূর্ণই হয় না।

এই আবহেই বচ্চন পরিবারে লেগেছে অশান্তির আগুন! দাদা অজিতাভ বচ্চনের স্ত্রী রমোলা বচ্চন জলসা বাংলোকে কেন্দ্র করে আদালতের দ্বারস্থ হয়েছেন। লাগাতার আদালতের নোটিস এবং একাধিকবার আলোচনার চেষ্টা করেও অমিতাভ বচ্চন তা উপেক্ষা করেছেন বলেই শোনা যাচ্ছে। এরপরেই তাঁর নামে বাড়ি থাকা সত্ত্বেও রমোলা বচ্চন জলসা বাংলোর সামান্য অংশও পাননি। এই বিষয়কে কেন্দ্র করেই বচ্চন পরিবারের দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে শুরু হয়েছে গৃহযুদ্ধ।

সূত্রের খবর, ১৯৮২ সালে অমিতাভ বচ্চন ও হেমা মালিনী অভিনীত সুপারহিট ছবি ‘সত্তে পে সত্তা’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। সেই সময় অমিতাভ বচ্চনের প্রায় প্রত্যেকটি ছবিই বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করছিল। প্রত্যাশা মতোই ‘সত্তে পে সত্তা’ বক্স অফিসে সফল হয়েছিল। পরবর্তী সময়েও ছবিটির গান ও সংলাপ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ছবির প্রযোজক রমেশ সিপির পরিবারের সদস্য রমু এন সিপি ছবিটির বিপুল সাফল্যের পর অমিতাভ বচ্চনকে জলসা বাংলো উপহার হিসেবে দেন।

সেই সময় শোনা যায়, করসংক্রান্ত কিছু সমস্যা থাকায় অমিতাভ বচ্চন তাঁর বৌদি রমোলা বচ্চনের নামে বাংলোটি নথিভুক্ত করেন। পরবর্তীতে রমোলার কাছ থেকে অনুমতি না নিয়েই তিনি আবার স্ত্রী জয়া বচ্চনের নামে জলসা বাংলোটি নথিভুক্ত করে দেন। আর এতেই বিতর্কের সূত্রপাত। রমোলা বচ্চনের দাবি, তাঁকে অন্ধকারে রেখেই সম্পূর্ণ প্রক্রিয়াটি করা হয়েছে। তিনি সম্পত্তির অংশ না পেলে আরও বড় পদক্ষেপ করবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন। যদিও অমিতাভ কিংবা তাঁর পুত্র অভিষেকের তরফে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

তবে এই ঘটনা নতুন নয়। এর আগেও বলিউডের আরেক শক্তিশালী পরিবার কাপুর পরিবারের সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটেছিল। সেখানে প্রয়াত রাজীব কাপুরের স্ত্রী রাজ কাপুরের পরিবারের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন। যদিও সেই মামলা পরে খারিজ হয়ে যায়। থামবে কি গৃহযুদ্ধ? কমবে কি অশান্তির আগুন? নাকি আগামী দিনে আরও তীব্র হবে বিতর্ক? এখন সেদিকেই নজর থাকবে সিনেপ্রেমীদের।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।