Bengal Liberty : দূষণের মাত্রার নিরিখে দিল্লির পরেই কলকাতা। শহরজুড়ে বায়ুদূষণের বাড়বাড়ন্তে ক্রমশ বাড়ছে উদ্বেগ। কালীপুজো ও দীপাবলিতে অতিরিক্ত বাজি পোড়ানোর জেরে দূষিত হয়েছিল শহরের বাতাস। তারপর পরিস্থিতির কিছুটা উন্নতির আশা দেখা গেলেও ফের রবিবার সকাল থেকে ঊর্ধ্বমুখী দূষণের মাত্রা। ১৫ নভেম্বর সকালে কলকাতার বিভিন্ন এলাকায় AQI সূচক ঘোরাফেরা করেছে ২১২ থেকে ২৩২-এর মধ্যে। এর মধ্যে সর্বোচ্চ দূষণের মাত্রা রেকর্ড হয়েছে বেনিয়াপুকুরে। সেখানে AQI পৌঁছেছে ২৩২-এ। অর্থাৎ, ছটপুজোর দিনেও দূষণের চাদরে ঢাকা তিলোত্তমা।
প্রসঙ্গত, বায়ুদূষণের মাত্রা বোঝার অন্যতম মাপকাঠি হল এয়ার কোয়ালিটি ইনডেক্স বা AQI। এই সূচক ০ থেকে ৫০০ পর্যন্ত পরিমাপ করা হয়। AQI-এর মাত্রা ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের গুণমান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সন্তোষজনক। অন্যদিকে, ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বাতাসের গুণমান সংবেদনশীল ব্যক্তিদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। ২০১ থেকে ৩০০-এর মধ্যে AQI থাকলে বাতাসের গুণমান খারাপ বা অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়। কলকাতার বর্তমান পরিস্থিতি সেই উদ্বেগজনক স্তরেই পৌঁছেছে।
দেশের অন্যান্য মহানগরের তুলনায় কলকাতার পরিস্থিতিও যথেষ্ট চিন্তার। রবিবার সকালে দিল্লির AQI ছিল ৩৮৪। সেখানে কলকাতার বিভিন্ন এলাকায় সূচক ছিল ২১২ থেকে ২৩২-এর মধ্যে। অন্যদিকে, আমেদাবাদে AQI ছিল ১৯১, মুম্বইয়ে ১৮১, চেন্নাই ও পুণেতে ১৭৪, হায়দরাবাদে ১৪৮ এবং বেঙ্গালুরুতে ১৩১।
আরও খবর
শহরের বিভিন্ন এলাকার মধ্যে বেনিয়াপুকুরে AQI ছিল ২৩২, বালিগঞ্জে ২১৯, সল্টলেকের বিজে ব্লকে ২১৮ এবং ইই ব্লকে ২১৬। বোসপুকুর, চক্রবেড়িয়া ও ফোর্ট উইলিয়ামেও দূষণের সূচক ছিল ২১৫-এর আশপাশে। বাতাসে PM2.5-এর গড় মাত্রা ১৩৬ মাইক্রোগ্রাম। ফলে শহরের একাধিক এলাকায় বায়ুর গুণমান যে যথেষ্ট উদ্বেগজনক, তা স্পষ্ট।
বাতাসে এই অতি সূক্ষ্ম ধূলিকণার উপস্থিতি ফুসফুস ও হৃদযন্ত্রের জন্য বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকেরা। বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টের রোগীদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো এবং বাইরে বেরোলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে উৎসবের মরশুমেও কলকাতার বায়ুর গুণমান নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। দূষণের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ না করা হলে আগামী দিনে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


