Bengal Liberty : সোনার বিশুদ্ধতার প্রতীক হিসেবে সাধারণ মানুষ যে ‘হলমার্ক’-এর উপর চোখ বন্ধ করে ভরসা করেন, এবার সেই বিশ্বাসে বড়সড় ফাটল ধরাল কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি বা ক্যাগ)-এর রিপোর্ট। দেশের শীর্ষ এই নিরীক্ষণ সংস্থার খসড়া প্রতিবেদনে স্পষ্ট জানানো হয়েছে, বাজারে বিক্রি হওয়া হলমার্কযুক্ত সোনার বিশুদ্ধতা যথাযথভাবে যাচাই করতে ব্যর্থ হচ্ছে সরকারি নিয়ামক সংস্থা ‘ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড’ (বিআইএস)। ফলে কষ্টার্জিত সঞ্চয়ে সোনা কিনতে গিয়ে সাধারণ মধ্যবিত্ত ক্রেতাদের প্রতারিত হওয়ার ঝুঁকি ক্রমশ বাড়ছে।
সরকারি নিয়ম অনুযায়ী, গয়না ব্যবসায়ীরা সঠিক মানের খাঁটি সোনা বিক্রি করছেন কি না, তা নিশ্চিত করতে বিআইএস আধিকারিকদের বছরে অন্তত একবার প্রতিটি নথিভুক্ত দোকান পরিদর্শন করার কথা। কিন্তু সিএজি-র তথ্য বলছে, গত পাঁচ বছরে বিআইএস লাইসেন্সপ্রাপ্ত গয়নার দোকানগুলির ৮০ শতাংশেরও বেশি জায়গায় একবারও নজরদারি চালানো হয়নি।
পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৩৯২টি জেলায় হলমার্কবিহীন সোনা বিক্রি নিষিদ্ধ হওয়ার পর নতুন করে প্রায় ২ লক্ষ ৩০ হাজার গয়নার দোকান বিআইএস-এর লাইসেন্স পেয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে এই সংখ্যা ছিল মাত্র ২৮ হাজার ৮৬৫)। অথচ রিপোর্টে প্রকাশ, এই ২.৩ লক্ষ দোকানের মধ্যে মাত্র ৫ হাজার ৪৪৪টি দোকান পরিদর্শন করেছেন আধিকারিকরা। অর্থাৎ, প্রায় ৮১ শতাংশ দোকানই সরকারি নজরদারির বাইরে থেকে গিয়েছে।
পাশাপাশি, গয়নার বিশুদ্ধতা পরীক্ষার কেন্দ্রগুলিকে যে ৬ সংখ্যার ‘এইচইউআইডি’ নম্বর দেওয়া হয়, সেগুলির পর্যবেক্ষণের ক্ষেত্রেও বিআইএস তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৪৪ শতাংশ পিছিয়ে রয়েছে। সোনার বাজারে নজরদারির এই চূড়ান্ত গাফিলতি নিয়ে সিএজি-র প্রশ্নের মুখে পড়ে নিজেদের কর্মী সংকটকে দায়ী করেছে বিআইএস। সংস্থার দাবি, পর্যাপ্ত লোকবলের অভাবে প্রত্যন্ত অঞ্চলগুলিতে গিয়ে সোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। তবে বিআইএস-এর এই অজুহাত মানতে নারাজ সিএজি। সংশ্লিষ্ট মন্ত্রকের চূড়ান্ত জবাব পাওয়ার পর এই রিপোর্ট সংসদে পেশ করা হবে। উৎসব ও বিয়ের মরশুমের আবহে ক্যাগের এই চাঞ্চল্যকর তথ্য সাধারণ ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।


