Bengal Liberty : মালদহ মেডিক্যাল কলেজের একটি নির্দেশিকাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। মেডিক্যাল কলেজের প্রশাসনিক কাজে কি এবার হস্তক্ষেপ করবে জেলা প্রশাসন? কারণ, মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রশাসনিক কাজকর্মের উপর নজরদারি চালাবেন ডব্লুবিসিএস আধিকারিকরা। এমনই নির্দেশ জারি করেছেন মালদহের জেলাশাসক রাজনবীর সিং কাপুর। আর এই নির্দেশ সামনে আসতেই প্রশ্ন উঠছে, মালদহের পর কি রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজেও একই ব্যবস্থা চালু হতে চলেছে?
নির্দেশিকা অনুযায়ী, মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে চারজন ডব্লুবিসিএস এক্সিকিউটিভ পদমর্যাদার আধিকারিককে। সপ্তাহের নির্দিষ্ট দিনে তাঁদের হাসপাতালে পরিদর্শনে যেতে হবে। শুধু একবার নয়, প্রতিদিন সকাল ও সন্ধ্যায় দু’বার পরিদর্শন করতে হবে বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে। হাসপাতালের প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখার পাশাপাশি কোনও অনিয়ম চোখে পড়লে অবিলম্বে অতিরিক্ত জেলাশাসককে রিপোর্ট করতে হবে। শুধু তাই নয়, সপ্তাহের কোন দিন কোন আধিকারিক পরিদর্শনে আসবেন, তার তালিকাও প্রকাশ করা হয়েছে। সোমবার রানি ভট্টাচার্য, মঙ্গলবার রেঞ্জি লামু শেরপা, বৃহস্পতিবার শ্রেয়সী মাইতি এবং শুক্রবার স্বাতী চক্রবর্তী এই দায়িত্ব সামলাবেন। পাশাপাশি প্রতি বুধবার অতিরিক্ত জেলাশাসক নিজেও হাসপাতাল পরিদর্শন করবেন। অর্থাৎ সপ্তাহের পাঁচ দিনই জেলা প্রশাসনের আধিকারিকদের নজরদারিতে থাকবে মেডিক্যাল কলেজের প্রশাসনিক কাজকর্ম।
এই নির্দেশিকা ঘিরেই আপত্তি তুলেছেন চিকিৎসকরা। সরকারি চিকিৎসকদের একাধিক সংগঠনের বক্তব্য, মেডিক্যাল কলেজের প্রশাসনিক প্রধান হলেন অধ্যক্ষ এবং মেডিক্যাল কলেজের সুপার। হাসপাতাল পরিচালনা, প্রশাসনিক সিদ্ধান্ত এবং দৈনন্দিন কাজকর্মের দায়িত্ব তাঁদের উপরেই ন্যস্ত। সেখানে তুলনায় জুনিয়র প্রশাসনিক আধিকারিকদের দিয়ে প্রবীণ চিকিৎসা-প্রশাসকদের কাজকর্মের উপর নিয়মিত নজরদারি চালানোর সিদ্ধান্ত প্রতিষ্ঠানের নিজস্ব প্রশাসনিক কাঠামো ও মর্যাদাকে ক্ষুণ্ণ করতে পারে। এমনকী হাসপাতাল পরিচালনার ক্ষেত্রেও জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি চিকিৎসক সংগঠনগুলির।
আরও খবর
এই সিদ্ধান্তের বিরোধিতা করে স্বাস্থ্যসচিবের হস্তক্ষেপও দাবি করেছে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস। সংগঠনের তরফে দাবি, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়কে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। অবিলম্বে নির্দেশিকা পুনর্বিবেচনার দাবিও উঠেছে।
তবে চিকিৎসক সংগঠনগুলির এই আপত্তির পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর কোনও জবাব সামনে আসেনি। অন্যদিকে, মালদহের এই নির্দেশিকাই কি আগামী দিনে রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজেও কার্যকর হবে? সেই প্রশ্ন ঘিরে নতুন করে সংশয় তৈরি হয়েছে স্বাস্থ্য মহলে।


