Bengal Liberty : আসিয়ান সদস্য দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক দেশটির ‘অ্যাক্ট ইস্ট পলিসি’-এর কেন্দ্রবিন্দুতে রয়েছে। সোমবার এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মো্দি। তিনি বলেন, “আমাদের সম্পর্ক, যা শতাব্দীর পর শতাব্দী ধরে চলা সভ্যতার আদান-প্রদানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, তা আজ বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের মতো বিভিন্ন ক্ষেত্রে এক গতিশীল অংশীদারিত্বে পরিণত হয়েছে।” ১৭ নভেম্বর ২৩তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন ও ২১তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে ম্যানিলা যাওয়ার প্রাক্কালে দেওয়া এক বিদায়ী বিবৃতিতে মোদি এই কথা বলেন।
মোদি আরও বলেন, পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন আঞ্চলিক ও আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে। যার মধ্যে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার বিষয়টিও অন্তর্ভুক্ত। মোদি বলেন, “পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন আঞ্চলিক ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা জোরদার করার বিষয়ে অংশগ্রহণকারী নেতাদের সঙ্গে মতবিনিময়ের অপেক্ষায় আছি।” রবিবার আধিকারিকরা জানিয়েছেন, এই সফরের সময় মোদি অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে ‘কোয়াড লিডার্স সামিট’-এ অংশ নেবেন এবং সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে।
আধিকারিকরা আরও জানান, ম্যানিলায় আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) ও অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে মোদির বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জগুলো মোকাবিলার বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হতে পারে।


