Ratan Sheikh
Ratan Sheikh

‘এনকাউন্টারের সরকার হবেন না’, রতনের মৃত্যুতে সরব মিল্টন

Bengal Liberty : রাজ্যে ফের এনকাউন্টার। নানুরে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে রতন শেখের। গত ১৩ নভেম্বর এক পুলিশ কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। রবিবার রতনের মৃত্যুর খবর পৌঁছতেই শোকের ছায়া নামে পরিবারে। তবে পুলিশের এই এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা মিল্টন রশিদ। তাঁর দাবি, অভিযুক্তকে গ্রেফতার করে আইনি পথে বিচার করা যেত। একই সুর শোনা গিয়েছে রতনের পরিবারের সদস্যদের মুখেও। তাঁদের কথায়, রতনের শাস্তি হোক চেয়েছিলেন, কিন্তু তাঁর মৃত্যু চাননি।

রতনের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের বক্তব্যকে সমর্থন করেছেন মিল্টন রশিদ। তাঁর অভিযোগ, পুলিশ ও সরকার নিজের হাতে আইন তুলে নিয়েছে। মিল্টনের দাবি, যে কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, তিনি আহত হয়েছেন। এই ঘটনায় মামলা করে রতনকে গ্রেফতার করা যেত। কিন্তু তা না করে পরিকল্পিতভাবে পরিস্থিতি তৈরি করে তাঁকে গুলি করে মারা হয়েছে বলে অভিযোগ তাঁর। মিল্টন বলেন, “রতনের পরিবার ঠিকই বলেছে। পুলিশ ও সরকার চাইলে ওর হাত-পা ভেঙে দিতে পারত। পায়ের নিচে গুলি করতে পারত। কিন্তু তা না করে এনকাউন্টারে মেরে ফেলা হল। এটা অত্যন্ত আইনবিরোধী কাজ।” তাঁর আশঙ্কা, এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা চলতে থাকলে মানুষ আদালতের পরিবর্তে নিজেরাই প্রতিশোধ নিতে শুরু করবে। সরকারের উদ্দেশে তাঁর বার্তা, “এনকাউন্টারের সরকার হবেন না। বুলডোজার সরকারের মতো চলবেন না।”

উল্লেখ্য, নানুরের সাঁওতা গ্রামের বাসিন্দা রতন শেখের দাদা সালাম শেখ ও বউদি চম্পা বেগম। জানা গিয়েছে, এই দাদা-বউদি ছাড়া পরিবারে আর কেউ নেই। এনকাউন্টারের পর পুলিশের ফোন পেয়ে রবিবার রতনের দেহ শনাক্ত করতে হাসপাতালে যান তাঁর দাদা। বউদি চম্পা জানিয়েছেন, পাঁচ বছরেরও বেশি সময় ধরে রতনকে চোখে দেখেননি তিনি। গ্রামেও আসতেন না। পারিবারিক অশান্তির জেরে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। রতনের দুই ছেলে রয়েছে। তবে অনেক আগেই দুই সন্তানকে নিয়ে সংসার ছেড়ে চলে যান তাঁর স্ত্রী। এরপর থেকেই রতনের জীবনযাপনে পরিবর্তন এসেছিল বলে দাবি চম্পার। চম্পার কথায়, “অনেক দিন আগেই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। আমাদের সঙ্গে কোনও সম্পর্কও ছিল না। খবরটা শুনে খুব খারাপ লাগছে। সাজা হতে পারত। পুলিশ ওকে ধরে জেলে রাখতে পারত। হাত-পা ভেঙে রেখে দিতে পারত। কিন্তু জীবনটাই চলে যাক, এটা চাইনি।” তিনি আরও বলেন, কনস্টেবলকে গুলি করে পালানোর খবর শুনে ভেবেছিলেন, ধরা পড়লে রতন আর ছাড়া পাবে না। কিন্তু তাঁর মৃত্যু হোক, তা কখনও চাননি। অন্যদিকে, রতনের দাদা সালাম শেখের বক্তব্য, “দোষ তো ছিলই, তাই শাস্তি হয়েছে। খারাপ লাগলেও কিছু করার নেই।”

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।