Bengal Liberty : বর্ধমান থেকে শক্তিগড় যাওয়ার পথে চোখে পড়বে নীল-সাদা রঙের বিশাল একটি ভবন। নাম মিষ্টি হাব। একসময় বাংলার মিষ্টির ঐতিহ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার স্বপ্ন নিয়ে তৈরি হয়েছিল এই প্রকল্প। কিন্তু বর্তমানে কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে গোটা ভবন। কয়েক কোটি টাকা খরচ করে পরিকাঠামো তৈরি হলেও সেখানে নেই ব্যবসার জমজমাট পরিবেশ। এবার সেই মিষ্টি হাব নতুন করে চালুর আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। আর তাতেই নতুন করে আশার আলো দেখছেন বর্ধমানের মিষ্টান্ন ব্যবসায়ীরা।
বাংলার মিষ্টির ইতিহাস বহু প্রাচীন। লেডিকেনি থেকে সীতাভোগ, মিহিদানা কিংবা শক্তিগড়ের ল্যাংচা—মিষ্টির নানা স্বাদে সমৃদ্ধ এই রাজ্য। কথিত আছে, একসময় বাংলার মিষ্টির টানে ইংরেজ গভর্নর জেনারেলের স্ত্রীও মিষ্টি খেতে আসতেন। সেই ইতিহাস ও ঐতিহ্যকে এক ছাতার তলায় আনার লক্ষ্যেই শক্তিগড়ের কাছে বর্ধমানের পালশিট-পামরা এলাকায় তৈরি হয়েছিল মিষ্টি হাব। ২০১৭ সালের ৭ এপ্রিল ঘটা করে প্রকল্পটির উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কিন্তু উদ্বোধনের পরেও প্রত্যাশা পূরণ হয়নি। ব্যবসায়ীদের অভিযোগ, শুরু থেকেই পরিকল্পনার অভাব ছিল এই প্রকল্পে। জনবসতিহীন এলাকায় মিষ্টি হাব তৈরি হওয়ায় সাধারণ ক্রেতাদের আনাগোনা বাড়েনি। তাঁদের পরামর্শও প্রশাসন গুরুত্ব দিয়ে বিবেচনা করেনি বলে অভিযোগ। ব্যবসায়ীদের দাবি, বর্ধমান থেকে কলকাতাগামী দু’লেনের রাস্তার যে পাশে মিষ্টি হাব তৈরি হয়েছে, সেটি কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দিকের লেন। অর্থাৎ বর্ধমান থেকে আসানসোলগামী গাড়িগুলি ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। কিন্তু ওই পথের যাত্রীরা তার আগেই শক্তিগড়ে দাঁড়িয়ে জলখাবার সেরে নেন। ফলে শক্তিগড় পেরিয়ে মিষ্টি হাবে আর ক্রেতাদের আনাগোনা বাড়ে না।
আরও খবর
এর ফলে প্রায় পাঁচ কোটি টাকার বেশি ব্যয়ে তৈরি এই প্রকল্পে দোকান সাজাতে অনেক ব্যবসায়ী নিজেদের লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করলেও শেষ পর্যন্ত লোকসানের মুখে পড়েন। দীর্ঘদিন ক্রেতাদের দেখা না মেলায় দোকান বন্ধ করতে বাধ্য হয়েছেন তাঁরা বলেই দাবি ব্যবসায়ীদের।
ব্যবসায়ীদের দাবি, শুধু দোকান তৈরি করলেই মিষ্টি হাব সফল হবে না। এখানে ফুড টেস্টিং ল্যাবরেটরি, প্যাকেজিং ও প্রসেসিং ইউনিট, মিষ্টি তৈরির প্রশিক্ষণ কেন্দ্র, ওপেন কিচেন এবং ফুড কোর্ট তৈরি করতে হবে। বিশেষ করে জিআই স্বীকৃত বর্ধমানের সীতাভোগ ও মিহিদানার আন্তর্জাতিক বাজার তৈরির জন্য এক ছাতার তলায় উৎপাদন ও রপ্তানির ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছেন তাঁরা। পাশাপাশি ছানা ও দুধের গুণমান পরীক্ষার ব্যবস্থাও চান ব্যবসায়ীরা।
নতুন করে মিষ্টি হাব চালুর বিষয়ে রাজ্য সরকারের আশ্বাসে তাই কিছুটা আশাবাদী ব্যবসায়ীরা। তাঁদের দাবি, এবার সঠিক পরিকল্পনা করে পরিকাঠামোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা হোক। তাহলেই বর্ধমানের মিষ্টির ঐতিহ্যকে কেন্দ্র করে তৈরি হতে পারে নতুন কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ।


