তৃণমূল গত্যাগের পর তপনের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে বিজেপি বিধায়ক সুবীর, জল্পনা দলবদলের
তৃণমূল গত্যাগের পর তপনের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে বিজেপি বিধায়ক সুবীর, জল্পনা দলবদলের

তৃণমূল গত্যাগের পর তপনের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে বিজেপি বিধায়ক সুবীর, জল্পনা দলবদলের

Bengal Liberty : রাজনৈতিক পরিচয় আলাদা। একদিকে বিজেপি বিধায়ক, অন্যদিকে সদ্য তৃণমূলের সঙ্গত্যাগ করা প্রাক্তন তৃণমূল বিধায়ক। কিন্তু রাজনৈতিক মতাদর্শের পার্থক্য যে ব্যক্তিগত সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায়নি, তারই ছবি দেখা গেল চুঁচুড়ার বড়বাজারের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে। প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্তের পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বর্তমান চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ। আর তা ঘিরেই হুগলির রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।

চুঁচুড়া বিধানসভার বড়বাজারে চিনসুরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই জগদ্ধাত্রী পুজো তপন দাশগুপ্তের পুজো হিসেবেই পরিচিত। এবার পুজোর ৩৩তম বর্ষ। উদ্বোধনী অনুষ্ঠানে সুবীর নাগ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মঠ ও আশ্রমের মহারাজ এবং মহন্তরা। তবে দুই ভিন্ন রাজনৈতিক শিবিরের প্রতিনিধিকে একই মঞ্চে দেখে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সুবীর নাগ বলেন, তপন দাশগুপ্তের সঙ্গে তাঁর সম্পর্ক কাকা-ভাইপোর মতো। এই সম্পর্কের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। এমনকী, বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে টিকিট পাওয়ার দিনও তপনবাবু তাঁকে আশীর্বাদ করেছিলেন বলে জানান সুবীর। তাঁর বক্তব্য, রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধা কখনও তার দ্বারা প্রভাবিত হয় না।

অন্যদিকে, সুবীর নাগের প্রশংসা করতেও দ্বিধা করেননি তপন দাশগুপ্ত। তাঁর কথায়, “সুবীর খুব ভালো ছেলে। সারাদিন মানুষের জন্য কাজ করে। আমি চাই ও আরও কাজ করুক। আমাদের সম্পর্ক অটুট থাকবে।” বিজেপি বিধায়ককে দিয়ে নিজের পুজোর উদ্বোধন করানো নিয়ে রাজনৈতিক মহলে কী আলোচনা হচ্ছে, তা নিয়েও বিশেষ মাথা ঘামাতে নারাজ প্রাক্তন বিধায়ক। স্পষ্ট ভাষায় তাঁর জবাব, “কে কী বলল, তাতে আমার বয়েই গেছে! আমি সৎ পথে চলি, মানুষের কাজ করি। মানুষ আমাকে ভালোবাসে।”

প্রসঙ্গত, সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তপন দাশগুপ্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন তিনি। দীর্ঘদিন হুগলি জেলা তৃণমূলের সভাপতির দায়িত্বও সামলেছেন। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দল তাঁকে প্রার্থী করেনি। টিকিট না পাওয়া নিয়ে তাঁর অসন্তোষের জল্পনা থাকলেও প্রকাশ্যে সে বিষয়ে বিশেষ কিছু বলেননি তিনি।

নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর সাংবাদিক বৈঠক করে দল ছাড়ার ঘোষণা করেন তপন। তারপর থেকে কার্যত রাজনৈতিকভাবে নীরবই ছিলেন তিনি। এবার তাঁর জগদ্ধাত্রী পুজোর মঞ্চে বিজেপি বিধায়কের উপস্থিতি নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।

এর মধ্যেই আগামীকাল তপন দাশগুপ্তের পুজোয় গণতান্ত্রিক তৃণমূলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র-সহ কয়েকজন বিধায়কের উপস্থিত থাকার কথা। ফলে পুজোর মঞ্চকে ঘিরে রাজনৈতিক মহলের নজর এখন চুঁচুড়ার বড়বাজারে। ব্যক্তিগত সম্পর্কের এই মেলবন্ধন কি নিছক সৌজন্য, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রাজনৈতিক সমীকরণ? আপাতত সেই প্রশ্নই ঘুরছে হুগলির রাজনৈতিক মহলে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।