Bengal Liberty : ছটপুজোর আবহে এ বার শহরে গোলাপজলের সুবাস। গঙ্গার ঘাট থেকে শহরের ব্যস্ত রাজপথ—সর্বত্রই গোলাপজল ছড়ানোর উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। রবিবার সকাল থেকেই বাবুঘাট-সহ একাধিক ঘাটে মিস্ট ক্যাননের মাধ্যমে গোলাপজল স্প্রে করতে দেখা গেল পুরসভার কর্মীদের। ছটপুজোয় ঘাটমুখী পুণ্যার্থীদের যাতায়াতের পথ স্বচ্ছ ও স্বস্তিদায়ক করতেই এই বিশেষ ব্যবস্থা।
ছটপুজো উপলক্ষে আগেই শহরের গঙ্গার ঘাটগুলিকে সাজিয়ে তোলার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর নির্দেশে ঘাটগুলিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। পুজোর আগের দিন এবং পুজোর দিন ঘাট ও সংলগ্ন রাস্তায় গোলাপজল ছড়ানোর কথাও জানিয়েছিলেন তিনি। সেই নির্দেশ মেনেই ১৫ ও ১৬ নভেম্বর এই কর্মসূচি চালাচ্ছে কলকাতা পুরসভা।
শুধু ঘাট নয়, শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাতেও ছড়ানো হচ্ছে গোলাপজল। বাবুঘাট, নিমতলা ঘাট-সহ হুগলি নদীর তীরবর্তী বিভিন্ন ঘাটের পাশাপাশি চিত্তরঞ্জন অ্যাভিনিউ, বিডন স্ট্রিট, চিৎপুর, কাশীপুর এবং এস এন ব্যানার্জি রোডেও চলবে এই স্প্রে। কোভিডের সময় জীবাণুনাশক ছড়ানোর কাজে ব্যবহৃত মিস্ট ক্যানন যন্ত্রের সাহায্যে জলের সঙ্গে গোলাপজল মিশিয়ে তা স্প্রে করা হচ্ছে।
আরও খবর
পুরসভার এই উদ্যোগের পিছনে রয়েছে একাধিক উদ্দেশ্য। এক দিকে ধুলোকণা নিয়ন্ত্রণ করে বায়ুদূষণ কমানো, অন্য দিকে উৎসবের দিনগুলিতে শহরের পরিবেশে গোলাপের সুবাস ছড়িয়ে দেওয়া। ছটপুজো উপলক্ষে ঘাট ও সংলগ্ন এলাকাকে আরও পরিচ্ছন্ন এবং মনোরম করে তুলতেই এই বিশেষ উদ্যোগ কলকাতা পুরসভার।


