Bengal Liberty : কলেজ স্ট্রিটে বই বিক্রির অস্থায়ী স্টল তৈরি করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ার অভিযোগ তুলল বাম ছাত্র সংগঠন এসএফআই। এর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই কলেজ স্ট্রিটে অবরোধ ও বিক্ষোভে শামিল হন সংগঠনের সদস্যরা। পুলিশের বারবার অনুরোধ সত্ত্বেও বেলা প্রায় ১২টা পর্যন্ত রাস্তা থেকে অবরোধ তুলতে রাজি হননি আন্দোলনকারী পড়ুয়ারা। গত চার-পাঁচ বছর ধরে নিয়ম মেনে যে কর্মসূচি তাঁরা পালন করে আসছেন, এ বার হঠাৎ কেন তাতে বাধা দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তুলেই সরব হন এসএফআই সদস্যরা। এরপর রাস্তায় বসেই বই বিক্রি শুরু করেন তাঁরা। কিছুক্ষণ পরই ধরপাকড় শুরু করে পুলিশ। আন্দোলনকারীদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়।
পুলিশের বিরুদ্ধে ক্ষোভ
ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায়। এসএফআই সদস্যদের দাবি, প্রতি বছর নভেম্বর মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অস্থায়ী স্টল তৈরি করে বিভিন্ন ধরনের বই বিক্রি করেন তাঁরা। ‘সংগ্রামী বইপত্র’ নামে এই কর্মসূচি গত পাঁচ বছর ধরে চলে আসছে। মূলত সাধারণ পড়ুয়ারাই এই উদ্যোগের দায়িত্বে থাকেন। গত কয়েক বছর নির্বিঘ্নেই কর্মসূচি সম্পন্ন হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এ বারও বই বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা।
কিন্তু সোমবার সন্ধ্যায় স্টল তৈরির কাজ শুরু করতেই সেখানে পৌঁছয় পুলিশ। ফুটপাত আটকে বইয়ের দোকান করা যাবে না এবং এর জন্য প্রয়োজনীয় অনুমতি নেই বলে জানানো হয়, এমনটাই অভিযোগ পড়ুয়াদের। পুলিশের এই আপত্তিতে ক্ষুব্ধ হন এসএফআই সদস্যরা। তাঁদের দাবি, কোনও নিয়ম ভেঙে নয়, প্রয়োজনীয় অনুমতি নিয়েই তাঁরা স্টল তৈরির উদ্যোগ নিয়েছিলেন।
আরও খবর
ধরপাকড় শুরু পুলিশের
এসএফআইয়ের দাবি, গত বছরের কর্মসূচির জন্য জোড়াসাঁকো থানা এবং কলকাতা পুরসভার কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল। সেই সঙ্গে নির্ধারিত করও জমা দেওয়া হয়েছিল। গত চার বছর যে নিয়মে বই বিক্রির কর্মসূচি হয়েছে, এ বারও একই পদ্ধতি অনুসরণ করার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু সোমবার সন্ধ্যায় লালবাজারের সদর দফতর থেকে বই বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ সংগঠনের।
এই ঘটনার প্রতিবাদেই মঙ্গলবার কলেজ স্ট্রিটে অবরোধ শুরু করেন এসএফআই সদস্যরা। বই বিক্রির কর্মসূচিতে অযথা বাধা দেওয়ার অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে সরব হন তাঁরা। আন্দোলনকারীদের বক্তব্য, বই বিক্রির মতো একটি শিক্ষামূলক উদ্যোগে কেন বাধা দেওয়া হবে, তার জবাব দিতে হবে প্রশাসনকে। পুলিশের অনুরোধের পরেও বেলা প্রায় ১২টা পর্যন্ত অবরোধ চালিয়ে যান পড়ুয়ারা। রাস্তার উপর প্ল্যাকার্ড বিছিয়ে শুরু হয় বই বিক্রি। বেশ কিছুক্ষণ ধরে চলে এই কর্মসূচি। ঘটনাকে কেন্দ্র করে কলেজ স্ট্রিট এলাকায় উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত এসএফআই কর্মীদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।


