Bengal Liberty: ‘জনজাতি গৌরব দিবস’ উদযাপন উপলক্ষে আলিপুরদুয়ার সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই অনুদান বৃদ্ধির পর আবাসিক পড়ুয়ারা কেমন আছেন, সেই খোঁজ নিলেন তিনি। খাবারের মান আগের চেয়ে ভালো হয়েছে কি না, হস্টেলের পরিবেশ ও পরিষেবায় উন্নতি হয়েছে কি না—সমস্ত কিছু সরাসরি পড়ুয়াদের কাছ থেকেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী। বুধবার আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের লোকনাথপুর আশ্রম হস্টেলে উপস্থিত হন তিনি। আবাসিক পড়ুয়াদের সঙ্গে মুখোমুখি কথা বলেন। পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের বিভিন্ন হস্টেলের পড়ুয়া ও আধিকারিকদের কাছ থেকেও পরিস্থিতির খোঁজ নেন মুখ্যমন্ত্রী।
এই অনুষ্ঠানে আবাসিক ছাত্রীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাঁদের প্রয়োজন ও সুযোগ-সুবিধার বিষয়েও খোঁজ নেন তিনি। পড়ুয়াদের হাতে প্রয়োজনীয় সামগ্রীও তুলে দেন। শুধু আনুষ্ঠানিক সাক্ষাৎ নয়, হস্টেলের দৈনন্দিন পরিস্থিতি সম্পর্কে জানতে তাঁদের সঙ্গে সরাসরি কথোপকথনে অংশ নেন মুখ্যমন্ত্রী।
পড়ুয়াদের উদ্দেশে মুখ্যমন্ত্রী জানান, আগের সরকারের আমলে হস্টেলের প্রত্যেক পড়ুয়ার খাবারের জন্য মাসে বরাদ্দ ছিল ১,৮০০ টাকা। বর্তমান সরকার সেই বরাদ্দ আরও ১,৫০০ টাকা বাড়িয়ে ৩,৩০০ টাকা করেছে। বর্ধিত অর্থে খাবারের গুণগত মান কতটা উন্নত হয়েছে এবং খাবার ঠিকমতো দেওয়া হচ্ছে কি না, তা পড়ুয়াদের কাছেই জানতে চান তিনি। একইসঙ্গে হস্টেলের পরিচ্ছন্নতা, পরিবেশ এবং পড়াশোনার প্রয়োজনীয় সামগ্রী—বই, খাতা-সহ অন্যান্য উপকরণ ঠিকমতো পাওয়া যাচ্ছে কি না, সে বিষয়েও খোঁজ নেন শুভেন্দু অধিকারী।
আরও খবর
এই কর্মসূচি শুধু লোকনাথপুর আশ্রম হস্টেলেই সীমাবদ্ধ ছিল না। ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের ৩২৪টি আদিবাসী ছাত্রাবাসের পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট হস্টেলগুলির আধিকারিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি নির্দেশ দেন, অনুদানের টাকা যেন ১০০ শতাংশ কাজে লাগানো হয়। সরাসরি পড়ুয়াদের অভিজ্ঞতার কথা শোনার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, যেকোনও দিন প্রশাসনিক দল হস্টেলগুলিতে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবে।
আলাপচারিতায় হস্টেলের খাবারের গুণমান নিয়ে কোনওরকম আপস না করার স্পষ্ট নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে আবাসিকদের থাকার জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উপরেও জোর দেন তিনি। পড়ুয়াদের আশ্বস্ত করে জানান, তাঁদের প্রয়োজন মেটাতে সরকার সবরকম সাহায্য করতে প্রস্তুত। পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিয়ে প্রত্যেক আবাসিককে একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, তার পরিচর্যা ও দেখভালের দায়িত্বও নিতে হবে পড়ুয়াদের।”
হস্টেলের পড়ুয়াদের সঙ্গে কথার ফাঁকে তাঁদের গান গাইতেও উৎসাহ দেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের গান শুনে হাততালি দিয়ে তাঁদের উৎসাহিত করেন তিনি। লোকনাথপুর আশ্রমের কর্মসূচি শেষ করে এরপর ময়নাবাড়ির উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।


