বর্ধমানে অভিযানে ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন
বর্ধমানে অভিযানে ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন

ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টার! বর্ধমানে অভিযানে ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন

উল্লেখ্য, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের ভিত্তিতে সম্প্রতি সক্রিয় হয়েছে ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বিভিন্ন জেলায় চলছে পরিদর্শন ও অভিযান। কোথাও পরিকাঠামোগত খামতি, কোথাও চিকিৎসা পরিষেবা নিয়ে অভিযোগ—সব দিকই খতিয়ে দেখছে কমিশন।

মঙ্গলবার বর্ধমানে পাঁচটি নার্সিংহোমে অভিযান চালায় ওই কমিশন। তার মধ্যে দু’টি নার্সিংহোমে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাকিগুলিকেও সতর্ক করা হয়েছে। আর বুধবার নার্সিংহোমের পর ডায়াগনস্টিক সেন্টারগুলিতেও নজরদারি শুরু করল কমিশন।

মূলত বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো, চিকিৎসকদের যোগ্যতা, রেসিডেন্ট মেডিক্যাল অফিসার বা আরএমও-র সংখ্যা এবং ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইন মেনে পরিষেবা দেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখছে কমিশন। বিভিন্ন জেলা থেকে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে যে অভিযোগগুলি সামনে এসেছে, সেগুলির সত্যতাও যাচাই করা হচ্ছে।

উল্লেখ্য, বর্ধমান শহরের এই ডাক্তারপাড়ায় আশপাশের বহু জেলা থেকে রোগীরা চিকিৎসা করাতে আসেন। বিভিন্ন ধরনের মেডিক্যাল রিপোর্ট তৈরির ক্ষেত্রেও এই এলাকার ডায়াগনস্টিক সেন্টারগুলির উপর নির্ভর করেন বহু মানুষ। ফলে গোটা শহরজুড়েই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একাধিক প্যাথলজি ল্যাব। সাধারণ মানুষ যাতে কোনওভাবেই প্রতারণা বা অনিয়মের শিকার না হন, তা নিশ্চিত করতে তৎপর প্রশাসন। সেই লক্ষ্যেই এই বিশেষ অভিযান বলে মনে করা হচ্ছে।

কমিশন সূত্রে খবর, আগামী দিনেও বর্ধমানের একাধিক বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে অভিযান চলবে। অর্থাৎ, শুধু পরিদর্শনেই সীমাবদ্ধ থাকছে না কমিশনের ভূমিকা। অনিয়ম ধরা পড়লে প্রয়োজনীয় পদক্ষেপও করা হচ্ছে।

Bengal Liberty