Bengal Liberty : কলকাতা পুরভোট নিয়ে আইনি জট কাটাতে এবার সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রাজ্য। আগামী সোমবার, ২৩ নভেম্বর কলকাতা পুরভোট সংক্রান্ত সমস্ত মামলার একসঙ্গে শুনানি হতে পারে শীর্ষ আদালতে। জরুরি ভিত্তিতে শুনানির আর্জি মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্যকান্ত মৌখিকভাবে জানিয়েছেন, পুরভোট সংক্রান্ত সমস্ত মামলা একসঙ্গেই শোনা হবে।
উল্লেখ্য, কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়া নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। পাশাপাশি, কলকাতা পুরভোট সংক্রান্ত আরও কয়েকটি মামলাও শীর্ষ আদালতে দায়ের হয়েছে। সেগুলির প্রেক্ষিতে দ্রুত শুনানির আবেদন জানানো হয়।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে বিষয়টি মৌখিকভাবে উল্লেখ করা হয়। আবেদনকারীদের তরফে জানানো হয়, কয়েকটি মামলা ইতিমধ্যেই ২৩ নভেম্বর শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে। সেই দিনই পুরভোট সংক্রান্ত সমস্ত মামলার একসঙ্গে শুনানির আর্জি জানানো হয়। তাতে প্রধান বিচারপতি মৌখিকভাবে জানান, সমস্ত মামলার একসঙ্গেই শুনানি হবে।
আরও খবর
ফলে আগামী সোমবারের শুনানির দিকে নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের। হাই কোর্টের স্থগিতাদেশ নিয়ে সুপ্রিম কোর্ট কী অবস্থান নেয়, পাশাপাশি কলকাতা পুরভোটের প্রস্তুতি নিয়ে রাজ্যের বক্তব্য কী হয়, তা স্পষ্ট হতে পারে ওই শুনানিতেই। আপাতত পুরভোটের দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা কাটার অপেক্ষায় রাজ্য সরকার।


