Bengal Liberty : প্রথম ভারতীয় হিসেবে নজিরবিহীন কৃতিত্ব নিজের নামে করলেন বলিউড বাদশা শাহরুখ খান। ভ্যারাইটির সর্বকালের সেরা ১০০ জন অভিনেতার তালিকায় ৯২তম স্থানে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান। প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে একমাত্র কিং খানই এই তালিকায় রয়েছেন। শাহরুখ ছাড়াও বিদেশের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীদের মাঝেই নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছেন তিনি।
টম ক্রুজ, চার্লি চ্যাপলিন, সিলভেস্টার স্ট্যালোন, মেরিলিন মনরো, নিকোলাস কেজ, এডি মার্ফির মতো নামী অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে একই তালিকায় বলিউড তথা ভারতীয় চলচ্চিত্রের একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন তিনি।দিল্লির সেই ছেলেটি, যে একদিন বলিউডে রাজত্ব করার স্বপ্ন দেখেছিল, আজ এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও শাহরুখ খানের কোনও বিকল্প তৈরি হয়নি। প্রশ্ন উঠেছে, শাহরুখের প্রতিদ্বন্দ্বী কে? কখনও সালমান, আমির, অক্ষয়, অজয় কিংবা হৃতিক, আবার পরবর্তী সময়ে রণবীর কাপুর কিংবা রণবীর সিং—বারবার নাম বদলালেও শাহরুখ নিজের জায়গায় অটল থেকেছেন।
নতুন এই কৃতিত্বের মাঝেই জোরকদমে ‘কিং’ ছবির প্রচারেও ব্যস্ত শাহরুখ খান। সেই সঙ্গে মুম্বইয়ের ফিল্ম সিটি স্টুডিওতে ‘কিং’ ছবির বিশাল বাজেটের অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছে। এর পাশাপাশি, ডিসেম্বর মাসে হলিউড বনাম বলিউডের বক্স অফিসের দ্বৈরথ ঘিরে সিনেপ্রেমীদের মধ্যে উন্মাদনা বাড়ছে। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এবং ‘ডুন’-এর তৃতীয় ভাগের বিরুদ্ধে বলিউড থেকে শাহরুখ খানের ‘কিং’ বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে। এবার দেখার, নতুন কৃতিত্ব অর্জনের পাশাপাশি বক্স অফিসেও নিজের আধিপত্য বজায় রাখতে পারবেন কি না বলিউড বাদশা! সেই দিকেই নজর থাকবে সিনেপ্রেমীদের।


